
কবিতা লেখার ঝোঁক ছিল সূর্যদাসের। সেই টানেই হয়তো মাঝেমধ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা-বাগানের সবুজে ছুটে যেতেন। এই ছোটাছুটির একপর্যায়ে তাঁর নজরে আসে পাঠশালায় পড়ার সময়টিতে চা-বাগানের ধুলোমাখা পথে চা-শ্রমিকদের সন্তানদের গড়াগড়ি খাওয়ার সরল চিত্রটি। ভেতরটা নাড়া দিয়ে ওঠে তরুণ সূর্যদাস তপনের। তাঁর বুঝতে সময় লাগেনি, এই শিশুরা বর্ণমালা থেকে অনেক দূরে। নিরক্ষরতার অন্ধকার জগৎ তাদের সামনে হাতছানি দিচ্ছে।
তখনই মনে মনে স্থির করে নেন, এই শিশুদের জন্য কিছু করতে হবে। সময় ২০০১। ভাবনাটাকে তখনই কাজে লাগাতে পথে নামেন তিনি। পেশায় আলোকচিত্রী, কারও কাছে ফটোগ্রাফার। নিজের একটা ছোটখাটো ফটোস্টুডিও আছে। এখানে ছবি তোলা, ছবি ছাপা—জীবিকার অবলম্বন এটাই। এ থেকে যে আয় হয়, তা দিয়ে স্বচ্ছন্দে সংসারের দায় মেটানোই কঠিন।
হোক কঠিন। সূর্যদাস বলেন, অর্থবিত্ত তো কত মানুষেরই আছে। তাঁদের কজন সমাজের কল্যাণমুখী কাজে হাত বাড়ান? এই ভাবনার পর একদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে পথে নামলেন তিনি। ক্যামেরার চোখ তখন সীতানাথ বসাকের আদর্শলিপিতে। প্রতি বৃহস্পতিবার আদর্শলিপি কিনতেন এবং শুক্রবার স্টুডিও বন্ধ করে বিভিন্ন চা-বাগানে গিয়ে শিশুদের মধ্যে আদর্শলিপি বিতরণ করতেন। এভাবে চলল কিছুদিন। পরে একসময় মনে হলো, শিশুদের আকর্ষণ করার মতো বই চাই। আদর্শলিপির অনুকরণে ছাপলেন রংচঙা বর্ণকুঁঁড়ি। একটি বই ছাপতে খরচ হলো ১৮ টাকা। নিজের জমানো টাকা এবং কিছু বন্ধুবান্ধব এই মুদ্রণে সহযোগিতা করলেন।
সেই ২০০১ থেকে বর্ণকুঁড়ি বিতরণ করেছেন মৌলভীবাজার জেলার দেওরাছড়া, মিরতিঙ্গা, ফুলছড়া, ভাড়াউড়া, মাইজদিহি, প্রেমনগর, গিয়াসনগর, ভুরভুরিয়া—এই আটটি চা-বাগানে। এ ছাড়া মৌলভীবাজার শহরের বিভিন্ন বস্তিতেও চলল তাঁর বই বিতরণ। তাঁর উদ্যোগ ও চেষ্টায় এ পর্যন্ত প্রায় ১৩ হাজার বর্ণকুঁড়ি শিশুদের হাতে পৌঁছেছে। সূর্যদাস তপন বলেন, ‘আমার ব্যাগে সব সময় বর্ণকুঁড়ি থাকে। যেখানেই সুবিধাবঞ্চিত শিশুদের দেখি, তাদের হাতে বর্ণকুঁঁড়ি তুলে দিই।’
সূর্যদাস তপন বলেন, ‘বই বিতরণ করতে গিয়ে মনে হলো, শিশুদের কোথাও জড়ো করে বর্ণমালার সাথে পরিচিত করানো দরকার।’ ২০০৯ সাল থেকে ফুলছড়া, দেওরাছড়া ও মাইজদিহি চা-বাগানে বর্ণকুঁড়ি শিশু পাঠশালা গড়ে তোলেন। নিজেই শিশুদের অক্ষরের সঙ্গে পরিচিত করাতে নামেন শিক্ষকের ভূমিকায়। এতে শিশুদের অভিভাবকেরাও এগিয়ে আসেন। প্রচুর সাড়া পান। কিন্তু নিয়মিত গিয়ে পাঠদান করতে যে যাতায়াত খরচ আসে, তা দিয়ে কুলিয়ে উঠতে না পেরে দুটি পাঠশালা মাস ছয়েক আগে বন্ধ করে দিয়েছেন। এখন চলছে মাইজদিহি চা-বাগানে। সেখানে শিক্ষিকা রোকসানা বেগম নিয়মিত পাঠ দিচ্ছেন শিশুদের। প্রায় ৬০ জন শিক্ষার্থী এই পাঠশালায়।
সূর্যদাস নিজের তিন বছরের ছেলে আদিত্য দাসের চাহিদা মেটাতে যখন হিমশিম খান, তখন স্ত্রী তুলি দাস কিছুটা অভিমান করলেও কখনো স্বামীর পথচলায় বাধা হন না। পাশেই থাকেন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সারা দেশে বর্ণকুঁড়ি শিশু পাঠশালা, বর্ণকুঁড়ি শিশু স্বাস্থ্যকেন্দ্র ও বর্ণকুঁড়ি শিশু পাঠাগার গড়ে তোলার আকাঙ্ক্ষা তাঁর।