চা-শ্রমিকদের সন্তানদের শেখানো হলো কম্পিউটার
চা-শ্রমিকদের সন্তানদের কম্পিউটার ও ইন্টারনেটের নানা বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণার্থীদের সবাই স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রী। একই সঙ্গে তাদের যুব উন্নয়ন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাঁচটি চা-বাগানের শ্রমিকদের দশম থেকে স্নাতক পর্যায়ে পড়ুয়া ৭০ জন সন্তান এতে অংশ নেয়।শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান কর্মশালার উদ্বোধন করেন। অতিথি ছিলেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদসহ অনেকে। শমশেরনগর চা-বাগানের শ্রমিকদের সন্তান এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র মোহন রবিদাস, তনুময় বর্মা, অনুময় বর্মা ও দিপন সিংহের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, এ রকম প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ধীরে ধীরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাপনের উন্নয়ন করা সম্ভব। কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ইন্টারনেট, ই-মেইলইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয় এই প্রশিক্ষণ কর্মশালায়। —মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি