চাঁদপুরে আজ শেষ হচ্ছে প্রযুক্তি মেলা
চাঁদপুরে আজ শেষ হচ্ছে চার দিনের ডিজিটাল সেবা ও কম্পিউটার মেলা। জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ মেলায় ২৫টি স্টল রয়েছে। নানা আয়োজনের মধ্যে মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় কম্পিউটার শিক্ষাবিষয়ক সেমিনার। এতে মূল বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার। সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুর রউফ, মো. মতিউল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা, সাংস্কৃতিক সংগঠক জীবন কানাই চক্রবর্তীসহ অনেকে। বক্তারা বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রযুক্তিশীল করে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ মানে শুধু যে কম্পিউটার, তা নয়। প্রযুক্তির যথাযথ ব্যবহারই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।’ এ ছাড়া গতকাল মেলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। —চাঁদপুর প্রতিনিধি