চাঁদপুরে ইউনিয়ন তথ্যকেন্দ্র পরিচালকদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়নে তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালা চলছে। চাঁদপুর জেলার ৮৬টি ইউনিয়নের ১৭২ জন নারী ও পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত সোমবার চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম। তিনি বলেন, ১০ নভেম্বরের মধ্যে সর্বমোট আটটি ব্যাচে ১৭২ জনকে প্রশিক্ষণ দেওয়াসহ প্রতিটি কেন্দ্রের জন্য কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওয়েব ক্যাম দেওয়া হবে। সে সঙ্গে তাদের বিদ্যুতের ব্যবস্থাসহ ইউনিয়ন পরিষদে একটি করে কক্ষ প্রদান করা হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রশিদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী। এ ব্যাচের ২০ জন নারী ও পুরুষকে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত ১০ দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন স্কুলের সহকারী প্রোগ্রামার ফজলে করিম প্রদান। —আলম পলাশ, চাঁদপুর