চাঁদে সবজি চাষের পরিকল্পনা করেছে চীন!
ভবিষ্যতে চাঁদের মাটিতে সবজির চাষ করতে পারে চীন! চীনের গবেষকেরা জানিয়েছেন, চাঁদ ও মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশেও সবজি চাষ করা সম্ভব হবে। চীনের অ্যাস্ট্রনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহের অভিযাত্রীরা নিজেদের খাবার নিজেরাই উত্পাদন করতে পারবেন। সম্প্রতি চীনের একটি গবেষণাগারে এ ধরনের একটি পরীক্ষায় সফল হওয়ার দাবি করেছেন গবেষকেরা।অ্যাস্ট্রনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ডেং ইবিং জানিয়েছেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি ব্যবহার করে মানুষ ও গাছের ভারসাম্য তৈরি করা হবে। এ প্রক্রিয়া নিয়ে গবেষণায় সফল হয়েছেন তাঁরা।সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৩০০ ঘন মিটারের একটি কেবিনে দুইজন স্বেচ্ছাসেবক নিয়ে এ পরীক্ষা চালান হয়। কেবিনে মহাশূন্যের পরিবেশ তৈরি করে সবজি চাষে সফল হয়েছেন তাঁরা। গবেষণায় চার ধরনের সবজি উত্পাদন করা সম্ভব হয়েছে। এ ধরনের পরীক্ষা চীনে এই প্রথমবার করা হল বলেই গবেষকেরা জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী দশকের মধ্যেই মহাশূন্যে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে চীন।গবেষকেদের তৈরি কেবিনটিতে কনট্রোলড ইকোলজিক্যাল লাইফ সাপোর্ট সিস্টেম (সিইএলএসএস) নামে নভোচারীদের প্রাণ ধারণের উপযোগী পরিবেশ তৈরি করা হয়। চীনের তৈরি তৃতীয় প্রজন্মের সিইএলএসএস পদ্ধতি এটা। সিইএলএসএস পদ্ধতি ব্যবহার করে প্রাণীর বংশবিস্তার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কাজ করছেন গবেষকেরা। চীন ছাড়াও এ গবেষণায় কাজ করছেন জার্মানির গবেষকেরা।