চাঁদের পথে নতুন নভোযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদের বায়ুমণ্ডলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে এলএডিইই নামের এই নভোযান— এএফপি
চাঁদের বায়ুমণ্ডলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে এলএডিইই নামের এই নভোযান— এএফপি

চাঁদের বায়ুমণ্ডল পর্যবেক্ষণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) মানুষবিহীন একটি নভোযান গতকাল শনিবার উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবীর একমাত্র উপগ্রহের প্রকৃতি অনুসন্ধানের লক্ষ্যে নাসা গত পাঁচ বছরে এ নিয়ে তিনটি মহাকাশযান পাঠিয়েছে।দ্য লুনার অ্যাটমোসফিয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার (এলএডিইই) নামের নভোযানটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিটে সফলভাবে যাত্রা শুরু করে। নাসার মুখপাত্র জর্জ ডিলার বলেন, উৎক্ষেপণের পর এলএডিইই নিরাপদে সঠিক পথে এগিয়ে চলেছে।আট ফুট দীর্ঘ আর পাঁচ ফুট প্রস্থের এলএডিইই নির্মাণে খরচ পড়েছে ২৮ কোটি মার্কিন ডলার। এতে জ্বালানির উৎস হিসেবে ব্যবহূত হচ্ছে সৌরশক্তি ও তড়িৎকোষ (লিথিয়াম ব্যাটারি)। নাসা জানায়, আগামী ৬ অক্টোবর চাঁদের কক্ষপথে পৌঁছাবে এলএডিইই। পরবর্তী ৪০ দিন এটি চাঁদের পৃষ্ঠ থেকে ১৫৫ মাইল উচ্চতায় আবর্তন করবে এবং এরপর চাঁদের পৃষ্ঠের আরও কাছাকাছি গিয়ে স্থানীয় বায়ুমণ্ডলের ওপর কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে। আর ১০০ দিনের অভিযান শেষে চন্দ্রপৃষ্ঠেই নভোযানটির সমাধি হবে। এলএডিইই মহাকাশযানটিতে রয়েছে আর্থ-টু-মুন লেজার রশ্মি ও নিরপেক্ষ ভর বর্ণালিমাপক প্রযুক্তি যার সাহায্যে চাঁদের বায়ুমণ্ডলের রাসায়নিক বৈচিত্র্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। আর অন্যান্য প্রযুক্তির সাহায্যে সেখানকার গ্যাস ও ধূলিকণা পরীক্ষা করা হবে। এতে সংশ্লিষ্ট কিছু রহস্যের সমাধান পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। নাসার বিশেষজ্ঞ জন লগসডন বলেন, চাঁদের ধূলিকণা পৃথিবীর সৈকতের ধূলির চেয়ে অনেক সূক্ষ্ম। নভোচারীরা চার দশক আগে প্রথমবারের মতো চাঁদে গিয়ে সেখানকার ধূলিকণার কারণে বিভিন্ন সমস্যায় পড়েছিলেন। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ নভোযানে চড়ে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে। অ্যাপোলোর অভিযাত্রীরা সর্বশেষ চাঁদে গিয়েছিলেন ১৯৭২ সালে। এএফপি।