চাঁদের বুকে আত্মাহুতিতে দুই মহাকাশযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদের মাটির নিচে কী ধরনের মূল্যবান খনিজ আছে? ‘গ্রাভিটি রিকভারি অ্যান্ড ইন্টেরিয়র ল্যাবরেটরি’ বা গ্রেইল প্রকল্পের দুটি মহাকাশযান এক বছরেরও বেশি সময় ধরে চাঁদের মাটির নিচের তথ্য অনুসন্ধান করছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার গবেষকেরা এ দুটি মহাকাশযান ধ্বংস করে ফেলার পরিকল্পনা করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।গত বৃহস্পতিবার নাসার গবেষকেরা জানান, ১৭ ডিসেম্বর ‘এব’ ও ‘ফ্লে’ নামের মহাকাশযান দুটি ধ্বংস করে ফেলা হবে। এটি দুটি মহাকাশযান চাঁদের উত্তর মেরুর পার্বত্যাঞ্চলে অবস্থিত গোল্ডস্মিড কার্টারের কাছাকাছি কোথাও পড়তে পারে। চাঁদে থাকা অ্যাপোলো ও অন্যান্য অভিযানের স্মারকের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য মহাকাশযান ধ্বংসের এলাকা হিসেবে মেরু অঞ্চলটিকে বেছে নিয়েছেন নাসার গবেষকেরা। তবে আছড়ে পড়ার পর যে বিস্ফোরণ ঘটবে, তা পৃথিবী থেকে দেখা যাবে না।নাসার গবেষকেরা জানিয়েছেন, ছোট ওয়াশিং মেশিন আকৃতির ‘গ্রেইল’ প্রকল্পের ওই দুটি যমজ মহাকাশযান চাঁদের কাছাকাছি অবস্থান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক ডেভিড লেহম্যান জানিয়েছেন, ‘ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ার পর মহাকাশযান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এক বছর কাজ করার পর মহাকাশযান দুটির জ্বালানি ফুরিয়ে গেছে। এটি এখন চন্দ্রপৃষ্ঠের মাত্র সাত মাইল ওপর দিয়ে ভ্রমণ করছে। এক বছর ধরে যমজ এ যান দুটি চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরির জন্য উপগ্রহটির খুব কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। শুক্রবার থেকে মহাকাশযান দুটি বৈজ্ঞানিক কাজ বন্ধ হয়ে যাবে। গবেষকেরা জানিয়েছেন, চাঁদের পৃষ্ঠে ঘণ্টায় তিন হাজার ৭৬০ মাইল গতিতে আছড়ে পড়বে। তবে চাঁদের এ অঞ্চলটি অন্ধকারে ঢাকা থাকায় ছবি তোলা সম্ভব হবে না। নাসার লুনার রিকোনাইসেন্স অরবিটার নামের আরেকটি মহাকাশযান ব্যবহার করে এ বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন তাঁরা।গবেষকেরা জানিয়েছেন, গ্রেইল প্রকল্প থেকে তাঁরা উল্লেখযোগ্য তথ্য সংগ্রহ করতে পেরেছেন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে এ দুটি মহাকাশযান পাঠানো হয়েছিল। মার্চ মাস থেকে চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরিতে কাজ শুরু করে ‘এব’ ও ‘ফ্লে’। চাঁদের মাটিতে বোমার মতো এ মহাকাশযান দুটিকে ফেলার আগে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করছেন গবেষকেরা।