
নতুন এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের বয়স ৪৪৭ কোটি বছর। নেচার সাময়িকীতে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নতুন তথ্য অনুযায়ী, চাঁদের জন্ম হয়েছে সৌরজগৎ সৃষ্টির নয় কোটি ৫০ লাখ বছর পরে। ফলে এখন জানা যাচ্ছে যে পৃথিবীর একমাত্র উপগ্রহটির বয়স বিজ্ঞানীদের আগের ধারণার চেয়ে ছয় কোটি বছর কম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কার্নেগি ইনস্টিটিউট অব সায়েন্সের ওই গবেষকেরা চাঁদের বয়স নির্ণয়ে একটি নতুন পদ্ধতি ব্যবহার করেন। তাঁরা সৌরজগতের সব গ্রহ-নক্ষত্রের আবর্তনের একটি নমুনা বা মডেল তৈরি করে নিয়েছিলেন। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক জন চেম্বার্স বলেন, সৌরজগৎ সৃষ্টির প্রায় তিন থেকে চার কোটি বছর পর পৃথিবীর ওপর বড় একটি গ্রহাণু আঘাত হানে। এতে গ্রহটি দুই ভাগ হয়ে যায়। বড় অংশটি পৃথিবী আর ছোট ভাগটি চাঁদে রূপ নেয়। ইনডিপেনডেন্ট।