চাঁপাইনবাবগঞ্জ সদর ও সেনবাগে নারীদের জন্য প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নারীদের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ শুরু হয়েছে। এদিকে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে লার্নিং অ্যান্ড আর্নিং উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫ দিনের এসব প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
বুধবার সকালে সেনবাগ উপজেলা পরিষদের সভাকক্ষে রিমডিন টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, কাদরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়েদুল হকসহ অনেকে বক্তব্য দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার একই রকম প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। মহারাজপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ও বারঘরিয়া ইউনিয়নের ৪০ জন নারী এ সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ মো. আবদুল ওদুদ। বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম ও নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির।
নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি