চাই উদ্যোক্তা চাই নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কোনো সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসায়ী উদ্যোগ—সবকিছুই সুষুমভাবে পরিচালনার জন্য চাই সঠিক নেতৃত্ব। অনেকেই রয়েছেন, যাঁদের মধ্যে এই গুণটি আপনা থেকেই আছে, কিন্তু সঠিক প্রকাশের অভাবে চাপা পড়ে রয়েছে। আবার এমনও অনেকে আছেন, যাঁদের মধ্যে এই সহজাত প্রবৃত্তি না থাকার কারণে মেধার সঠিক মূল্যায়ন তাঁরা পান না। এসব বাধা দূর করতে এবং তরুণ প্রজন্মকে প্রতিটি ক্ষেত্রে আরও চটপটে ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) গত ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ঢাকার ইএমকে সেন্টারে তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই কর্মশালা আয়োজিত হয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত এমআইএসটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠান।
কর্মশালাটি কয়েকটি অংশে বিভক্ত ছিল। প্রশিক্ষণার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দিয়ে তাদের মধ্যে বিভিন্ন ‘কেসস্টাডি’ নিয়ে পর্যালোচনা করা হয়েছিল। একটি দলের অংশ হয়ে কেমন করে কাজ করতে হয়, সমস্যাগুলো দলগতভাবে কেমন করে সমাধান করা যায়—এ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হয় এই পর্বে। এমনকি কিছু ‘ব্যর্থ লিডারশিপ কেস’ নিয়েও এখানে আলোচনা করা হয়, যেন তা শিক্ষার্থীদের ভুলত্রুটি শোধরাতে সহায়ক হয়।

যেকোনো কাজের জন্যই প্রয়োজন সঠিক মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ স্থাপন করা। তাই এ কর্মশালার একটি অংশ ছিল প্রশিক্ষণার্থীদের যোগাযোগ তৈরির যোগ্যতাকে আরও উন্নীতকরণ করার কৌশল নিয়ে।

তিন দিনের কর্মশালার বিভিন্ন পর্বে ব্যবসায়িক ক্ষেত্রে সফল ব্যক্তিদের উপস্থিতি, তাঁদের বক্তৃতা ও জীবনে সাফল্য অর্জনের কাহিনিগুলো শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

‘এই কর্মশালার মাধ্যমে আমরা শিখেছি, কীভাবে আমাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, যা কর্মক্ষেত্রে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানে সহায়ক হবে।’ কর্মশালা শেষে এমনটিই বললেন এমআইএসটির শিক্ষার্থী সালমান সাকিব।

এই কর্মশালা সম্পর্কে আইবিএর শিক্ষার্থী সাকিফ মাহবুব বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের মধ্যে সফল নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এ ধরনের কর্মশালা খুবই সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি এতে অংশ নিতে পেরে খুবই আনন্দিত।’

বিওয়াইএলসির পরিকল্পনা সম্পর্কে এর অন্যতম প্রতিষ্ঠাতা এজাজ আহমেদ বলেন, ‘পরবর্তী প্রজন্মের তরুণদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’