চাই দলবদ্ধ প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম নিয়মিত লিখবেন প্রথম আলোয়। ‘স্বপ্ন নিয়ে’তে প্রকাশিত হচ্ছে তাঁর কলাম

সাবিরুল ইসলাম
সাবিরুল ইসলাম

লন্ডন থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, পাঠকেরা নিশ্চয়ই পুরোনো বছরকে বিদায় দিয়ে কদিন পরেই শুরু হতে যাওয়া ২০১৪ সালেকে বরণ করে নিতে উদগ্রীব হয়ে আছেন।
প্রতিবছরই শেষের এই সময়টায় পেছনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মনে করার চেষ্টা করি আমি—যেখানে ছিল বিস্ময়কর কিছু অর্জন, তেমনি কিছু কঠিন সময়ও। সত্যি বলতে, এসব কিছুই আমার দল অথবা আমার আশপাশে থাকা মানুষকে ছাড়া সম্ভব হতো না।
এই চিন্তা থেকেই আজ আমি এই নিবন্ধটা লিখতে যাচ্ছি ‘দলগত প্রচেষ্টা’কে নিয়ে।
আমি খুব ভালো করেই জানি, আপনাদের সবারই কিছু চমকপ্রদ আইডিয়া আছে এবং আপনারা সবাই-ই চান জীবনে সাফল্য পেতে। কিন্তু গত সাত থেকে আট বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস খুব ভালোমতো শিখেছি, আমরা যা-ই পেতে চাই না কেন, তার জন্য প্রয়োজন একটি শক্তিশালী দলের এবং কিছু মানুষের, যাঁরা আমাদের চিন্তাভাবনাগুলো সফল করতে সাহায্য করবেন।
আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে চিন্তাগুলোকে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে আমাদের ভয় হয়। আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের এমন কঠিন একটা সময়েও সেখানে অনেক ভালো মানুষ রয়েছেন।
একটা ভালো দল গড়ার কথা যখন আসে, তখন টাকা কিন্তু বড় কথা নয়! আপনার প্রথম চিন্তাটা কখনোই এমন হওয়া উচিত নয়, ‘আমি তো আমার দলের মানুষকে পারিশ্রমিক দিতে পারব না।’ বরং চিন্তা আসা উচিত যে এসব মানুষ কেমন করে আমার চিন্তাগুলোকে আরও উন্নত করতে পারেন এবং বাস্তবে রূপ দিতে পারেন।
বাংলাদেশে এমন অনেক উজ্জ্বল চিন্তাধারার মানুষ রয়েছেন। কর্মহীন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পাস করা তরুণ শিক্ষানবিশ পর্যন্ত, যাঁদের সবারই লক্ষ্য কোনো একটি প্রকল্পে অংশ নিয়ে নিজেকে তৈরি করা। আমাদের শুধু প্রয়োজন এসব উচ্ছল তরুণকে কাজে যুক্ত করা, বিভিন্ন পরীক্ষা, কাজ অথবা ছোট ছোট প্রজেক্টে তাঁদের সম্পৃক্ত করে তাঁদের দক্ষতা সম্পর্কে জানা। এভাবে আপনি আপনার দলের জন্য সঠিক দক্ষতাসম্পন্ন মানুষটিকে বাছাই করতে পারবেন।
আমার দলের মানুষকে বাছাই করা হয়েছে পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, যাঁদের অধিকাংশের সঙ্গেই আমার দেখা হয়নি কখনো। কিন্তু তাঁদের কাজের প্রতি স্পৃহা, একাগ্রতা আর অভিজ্ঞতা থেকে আমি জানি, তাঁরা আমার প্রতিটি কাজের জন্য প্রয়োজনে ১১০ শতাংশ পর্যন্ত দিতে রাজি।
যখন আপনার একটি প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কর্মঠ দলের প্রয়োজন হয়ে পড়ে, যখন প্রকল্পটিকে ফলপ্রসূ করার জন্য ব্যক্তিগতভাবে সবকিছু সম্পর্কে জানা সম্ভব হয় না, তখন উচিত দলের অন্য মানুষের সঙ্গে আলোচনা ও তাঁদের ভাবনাগুলো নিয়ে কথা বলা আর প্রত্যেককে ছোট ছোট কাজের দায়িত্ব ভাগ করে দিয়ে প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়া।
একটি প্রকল্প শুরু করার জন্য প্রয়োজন ভিন্ন ভিন্ন কাজে দক্ষতাসম্পন্ন চার থেকে পাঁচজনের একটা ভালো দল। সেই সঙ্গে তাদের মতামতগুলো সম্পর্কে যদি জানা যায়, তাহলে সেখান থেকে পরামর্শ নিয়ে আপনার প্রাথমিক ধারণা আরও গতিশীল করা সম্ভব।
এখন প্রশ্ন হলো, কেমন করে এমন একটা দল তৈরি করা যায়? মাঝেমধ্যে আমরা চিন্তাও করি না যে আমাদের আশপাশেই হয়তো বা এমন কিছু মানুষ রয়েছেন। বলুন তো, শেষ কবে আপনি আপনার কাছের বন্ধুদের সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি, ধারণা আর প্রকল্পগুলোকে নিয়ে কথা বলেছেন? কখনো কি তাঁদের সঙ্গে পেশাদারি চিন্তাভাবনা নিয়ে কথা বলেছেন? তাঁদের দক্ষতাগুলো সম্পর্কে জানতে চেয়েছেন?
যদি বন্ধুরা যথেষ্ট না হন, আমি পরামর্শ দেব, প্রত্যেককে আরও বেশি মানুষের সঙ্গে পরিচিত হতে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের পরিচিতি বাড়ানো আসলে নিজের ভবিষ্যতের জন্যই একধরনের বিনিয়োগ! আপনার আগ্রহগুলো আরও প্রকাশ পাবে, আপনার দৃষ্টিভঙ্গি হবে উন্নত এবং যেসব মানুষের সঙ্গে নতুন করে পরিচিত হবেন, তাঁদের সবারই আপনার চিন্তাভাবনার ওপর একটা চমৎকার প্রভাব তৈরি হবে। আপনি আর পেছনে ফিরে তাকাবেন না।
নতুন বছর আসতে যখন আর মাত্র দুটো দিন বাকি, আমি তখন সবার সামনে একটা চ্যালেঞ্জই ছুড়ে দিতে চাই। আমি চাই, আপনারা বহু মাস ও বছর ধরে মনের কোণে সুপ্ত থাকা ধারণাগুলোকে কাগজে লিখে ফেলুন আর চিন্তা করা শুরু করুন এগুলোর ভবিষ্যৎ নিয়ে। আপনাদের এসব ধারণাকে কাজে রূপ দেওয়ার জন্য যাঁদের প্রয়োজন, তাঁদের খুঁজে বের করুন। যখনই আপনি কী করতে চান, সেটা নিয়ে একটি প্রাথমিক ধারণা পেয়ে যাবেন, তখনই বুঝবেন ২০১৪ সালে আপনি একে বড় মাত্রা দেওয়ার জন্য একেবারে তৈরি! নতুনভাবে শুরু করুন আর সামনে দৃষ্টি রাখুন আপনার দলকে নিয়ে, ইতিমধ্যেই আপনি যাঁরা কিছুই করেননি, তাঁদের থেকে অনেক এগিয়ে গিয়েছেন।
সবার জন্য শুভকামনা। সবাইকে একটা হাসি-খুশিময় নতুন বছরের শুভেচ্ছা জানাই। কঠিন এই সময়টায় সবাই নিরাপদে থাকুন। আশা করছি, পরবর্তী কয়েকটা মাসের মধ্যেই আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে।
সবার জন্য ভালোবাসা।
(ইংরেজি থেকে অনূদিত)