মানবজীবনে ঈদের গুরুত্ব ও তাত্পর্য অপরিসীম। এমনিতেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক—এসব ঝামেলায় আমাদের জীবন ভাজা ভাজা; জীবনে কোনো আনন্দ নেই। যদি ঈদ না আসত, তাহলে আমাদের জীবন যে একেবারে মিনারেল ওয়াটার হয়ে যেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সবাইকে আনন্দে ভাসাতেই আরও একটা ঈদ আসছে কদিন পর। সবার মনে কত আনন্দ! দেখলেই ভালো লাগে। তবে রস+আলোর পাঠকদের জন্য ঈদের আনন্দটা আরও বেশি। কারণ, এটাই রস+আলোর ঈদসংখ্যা। রস+আলোর ঈদসংখ্যা বেরিয়েছে বলে পাঠকদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে, ঘটনা সে রকম নয়। পাঠকদের খুশির কারণ, ঈদের আগে আর কোনো রস+আলো বের হবে না! দেশের বিভিন্ন স্তরের পাঠকদের জন্য এটাই আমাদের ঈদ উপহার। শুধু আমরা নয়, ঈদ উপহার অনেকেই দিচ্ছে। তবে সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত উপহারটি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঈদ উপলক্ষে তারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। রমজানের ওই রোজার শেষে যেখানে ঈদ আসার কথা, সেখানে এসেছে পরীক্ষার রেজাল্ট! হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই রেজাল্ট দারুণ এক উপহার হবে নিশ্চয়ই! ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেল সাত-আট দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করে। ব্যাপারটা বোধহয় জামায়াতে ইসলামীর নেতাদের বেশ পছন্দ হয়েছে। তাই এবারই প্রথম ঈদ উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ হরতাল ও ভাঙচুর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। কী চমত্কার ব্যাপার! ঈদের পর এমনিতেই রাস্তা থাকে ফাঁকা; এই সুযোগে হরতাল দিয়ে তারা হয়তো দেখিয়ে দিতে চায়, তাদের হরতালে জনগণের কত সমর্থন! কোনো গাড়ি নেই। তবে গাড়ি, মোটরসাইকেল ভাঙতে না পারার কারণে পিকেটারদের ঈদের আনন্দ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যা-ই হোক, আনন্দের আগ মুহূর্তে এত কথা বলার সার্থকতা নেই। সবাই ইচ্ছামতো আনন্দ করুন। আপনাদের সবাইকে ফরমালিনমুক্ত শুভেচ্ছা। ঈদ মোবারক।