চাই বাংলাদেশের নিরাপদ সাইবার জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার জগতে নিরাপদ বাংলাদেশ চান আইবিএফের সদস্যরা। ছবি: খালেদ সরকার
সাইবার জগতে নিরাপদ বাংলাদেশ চান আইবিএফের সদস্যরা। ছবি: খালেদ সরকার

কম্পিউটার আর ইন্টারনেটে ভর করে দৈনন্দিন কাজগুলো নিয়ে আমরা যুক্ত হয়ে পড়ছি সাইবার জগতে। অন্তর্জালের দুনিয়ায় এখন যুক্ত হওয়ার নানা উপায় রয়েছে। জরুরি ই-মেইল পাঠানো কিংবা ওয়েবসাইট দেখার বাইরে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিচরণ জনপ্রিয় হয়ে উঠেছে। সাইবার জগতে আমাদের আনাগোনা যত বাড়ছে, ততই বেড়ে চলছে সাইবার অপরাধের শিকার হওয়া বা এতে জড়িয়ে পড়ার আশঙ্কা। প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমনি এর উল্টো দিকগুলো নিয়ে কুকর্ম করার লোকেরও অভাব নেই। উন্নত দেশগুলোতে সাইবার অপরাধ সংঘটনের খবর তো পুরোনো। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও ঘটেছে এ ধরনের অপরাধ। ছোট ছোট হলেও এসব অপরাধের মাত্রা ভয়ংকরভাবে বাড়তে পারে। তারই বাস্তবের নিরাপত্তার পাশাপাশি চাই নিরাপদ সাইবার জগৎ। সাইবার অপরাধ রোধ আর এ বিষয়ে কীভাবে সতর্ক থাকা যায়, তা নিয়ে কাজ করছেন বাংলাদেশের একদল তরুণ। তাঁদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে ভিন্ন ভিন্ন পেশায় থাকলেও এই একটি জায়গায় একসঙ্গে কাজ করছেন তাঁরা। গড়ে তুলেছেন একটি অলাভজনক প্রতিষ্ঠান।

চাই সচেতনতা

‘চিন্তাটা শুরু হয়েছিল সামাজিক কিছু কাজ করার আগ্রহ থেকে। তারপর আলাদা পেশায় জড়িত বন্ধুরা একসঙ্গে হয়ে চালু করি ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন (আইবিএফ)। যেখানে আমরা সবাই মিলে সাইবার সচেতনতা, সাইবার অপরাধ প্রতিরোধ, এসব অপরাধের ভুক্তভোগীদের সাহায্য করার কাজটা শুরু করে দিই।’ বললেন আইবিএফের নির্বাহী পরিচালক কাশিফ আলী খান।

আরও কয়েকটি লক্ষ্য নিয়ে ২০১২ সালে কাজ শুরু করে এ ফাউন্ডেশন। যদিও এরও অনেক আগে থেকেই এ নিয়ে কাজ চলছে। আইবিএফের পরিচালক তানভীর হাসান বলেন, ‘আমরা বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে কাজ করছি।’

এই উদ্দেশ্যগুলোর মধ্যে আছে কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে নিরাপদভাবে ইন্টারনেটের ব্যবহারে সহায়তা করা, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইন, নেটওয়ার্ক নিরাপত্তা, সাইবার অপরাধের ঝুঁকি এবং কম্পিউটার নিরাপত্তার বিষয়ে সতর্কীকরণ, সাইবার জগৎকে নিরাপদ রাখা এবং শক্তিশালী জাতি গঠনে সহযোগিতা করা, বাস্তবসম্মত উপদেশসহ সাইবার অপরাধ শণাক্ত করে কীভাবে কম্পিউটার ব্যবহারকারীদের সাহায্য করা যায় তা নির্ধারণসহ নির্দেশনা দেওয়া।এছাড়াও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আইনি সহায়তা এবং অন্যান্য সহায়ক দিকনির্দেশনায় সহায়ক ভূমিকা পালন করতে চায় আইবিএফ।৬৪ জেলায় সভা, সেমিনার, কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় পরিকল্পনা সমন্বয় করবে সংগঠনটি।সাইবার অপরাধ সম্পর্কে সতর্কীকরণে পদক্ষেপ, যাঁরা সাইবার অপরাধের শিকার, তাঁদের ২৪ ঘণ্টা সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষ হেল্পলাইন পরিচালনাও করছে আইবিএফ।

যা করছে আইবিএফ

ব্যবসায়ী কাশিফ আলী খান, আইনজীবী তানভীর হাসানসহ ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের (www.insightbangladesh.org) অন্য সদস্যরা হলেন তানভীর চৌধুরী, হেলাল আহমেদ, আতিকুল ইসলাম খান, শাহরিয়ার মো. তাপস, আবদুল্লাহ আল মামুন ও সৌমিত্র বড়ুয়া। এর মধ্যে ইউনাইটেড নেটওয়ার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক তানভীর চৌধুরী আইবিএফের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন। জানালেন, সারা বিশ্বের মতোই বাংলাদেশও এখন তৃতীয় প্রজন্মের প্রযুক্তি থ্রিজির আওতায়। প্রযুক্তির উৎকর্ষে বর্তমানে আমরা অনেক সুবিধাই এখন ঘরে বসে পাচ্ছি। আর যখনই এসব কার্যক্রমে অর্থনৈতিক বিষয় জড়িত হচ্ছে, তখনই এর নিরাপত্তার দিকটি জরুরি হয়ে পড়ছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও এসব ছাড়া আরও কয়েকটি ঘটনা ঘটে গেছে, যার প্রভাবও পড়েছে। এ বিষয়গুলো নিয়ে সতর্ক হওয়ার বিষয়টা খুবই জরুরি। আর সে কাজটির ক্ষেত্রেই আমরা বন্ধুরা মিলে সহায়তায় এগিয়ে এসেছি। দেখা যাচ্ছে, এখন আর্থিক কার্যক্রম মোবাইল ব্যাংকিংসহ ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। ই-কমার্স সাইটগুলোর পাশাপাশি বিভিন্ন ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং কার্যক্রম করছে। তাই এখনই যেমন সাইবার অপরাধ ও এর প্রতিরোধের বিষয়গুলো জানা দরকার, তেমনি কীভাবে এটি প্রতিরোধ করা যায় সেটিও জানা জরুরি, যোগ করলেন আইবিএফের আরেক পরিচালক হেলাল আহমেদ। এসব কার্যক্রমের সহায়তার অংশ হিসেবে আইবিএফ ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সহায়তা দিয়েছে। এ ছাড়া খুব শিগগির সাইবার অপরাধ তদন্ত কার্যক্রমে জড়িত পুলিশের সদস্যদের জন্য বিশেষ কর্মশালাও দেবে আইবিএফের বিশেষজ্ঞ দলের সদস্যরা। ব্যবসায়ী ও আইবিএফের আরেক পরিচালক আতিকুল ইসলাম খান এ কার্যক্রমের পাশাপাশি যুক্ত করলেন ই-সরকার কার্যক্রমে সহায়তার বিষয়টি। বললেন, ‘আমরা ই-সরকার কার্যক্রমে সহায়তাও করতে প্রস্তুত।’ সামগ্রিকভাবে এ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কিংবা এ বিষয়ে কাজ করার জন্য সাইবার সেলের প্রয়োজনীয়তার কথাও জানালেন তিনি। বিষয়গুলো নিয়ে যাঁরা কাজ করবেন, তাঁদেরও পূর্ণাঙ্গ ধারণা এবং কাজ করার পদ্ধতি জানা উচিত। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে বিষয়গুলো নিয়ন্ত্রণের সুবিধাও সময়ের দাবি—যোগ করলেন আরও দুই পরিচালক শাহরিয়ার মো. তাপস ও আবদুল্লাহ আল মামুন।

বিশেষ হেল্পলাইন

নিজেদের এসব কার্যক্রমের পাশাপাশি বিশেষ হেল্পলাইনও চালু করেছে আইবিএফ। যেখানে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাইবার অপরাধবিষয়ক সচেতনতা, সাহায্য ইত্যাদি বিষয়ে নিয়মিত কার্যক্রম চলছে। এ জন্য ইতিমধ্যে ০১৭৬৬৬৭৮৮৮৮ নামের নম্বরটির সাহায্যে যে কেউ সেবা নিতে পারবেন বলে জানালেন আইবিএফের প্রকল্প সমন্বয়ক সৌমিত্র বড়ুয়া।

জাতীয় নিরাপত্তাসহ ব্যক্তিগত পর্যায়ে সাইবার অপরাধ থেকে মুক্ত থাকতে বিভিন্ন ধরনের সেবা দিতে চান আইবিএফের সদস্যরা। সঠিক পদ্ধতি আর তথ্যপ্রযুক্তি জ্ঞানের ব্যবহারের মাধ্যমে এ কাজ এগিয়ে যাবে—এমন প্রত্যাশাই সাইবার অপরাধ প্রতিরোধে এগিয়ে যাওয়া এই তারুণ্যের।