চাকরিপ্রার্থীদের সম্পর্কে জানতে গুগল ফেসবুক
কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশির ভাগ নিয়োগদাতা এখন চাকরিপ্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, গুগল ও ইয়াহুর মতো সার্চ ইঞ্জিন ও অপরাধের রেকর্ডগুলো ঘেঁটে দেখেন। অস্ট্রেলিয়াভিত্তিক একটি সফটওয়্যার ফার্ম নুয়াগে সফটওয়্যার সম্প্রতি এক জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। জরিপে দেখা গেছে , কর্মী নিয়োগের সময় অর্ধেকের বেশি মানবসম্পদ ব্যবস্থাপক গুগলে চাকরিপ্রার্থীদের সম্পর্কে জানার চেষ্টা করেন। এ ছাড়া ২৩ শতাংশ মানবসম্পদ ফেসবুক এবং ৩ শতাংশ টুইটার ব্যবহার করেন। নুয়াগে সফটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড উইলসন জানান, এভাবে গুগল, ফেসবুক, টুইটারে চাকরিপ্রার্থীদের সম্পর্কে জানতে চাইলে হয়তো অনেক বিস্তারিত জানা যায়, বিশেষ করে তারা যদি অতীতে কোনো অপরাধ করে থাকে। কিন্তু এটা ব্যক্তিগত গোপনীয়তারও লঙ্ঘন। এ রকম হলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে লোকজন এখন স্বাধীনভাবে যে মত প্রকাশ করছে, তাতে ছেদ পড়বে। বেফাঁস কোনো একটি পোস্টিংয়ের কারণে যদি কেউ চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়, তাহলে তা হবে তার জন্য খুবই দুঃখজনক। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রাইম চেকের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন লাজারেভিক বলেন, গত ছয় মাসে চাকরিপ্রার্থীদের ব্যাপারে নিয়োগকর্তাদের নজরদারি অনেক বেড়েছে। ভালোভাবে খোঁজখবর না নিয়ে কাউকেই নিয়োগ দেওয়া হচ্ছে না। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান