চাকরির বাজারে সামাজিক যোগাযোগ
চাকরি খোঁজার ক্ষেত্রে তরুণ পেশাজীবী এবং কলেজশিক্ষার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর দিকে বেশি ঝুঁকছেন। আর এ কাজে নিজেদের নেটওয়ার্ক বাড়ানোর জন্য মোবাইল ফোন ও স্মার্টফোনের ব্যবহারও বাড়ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভবিষ্যতের চাকরি খোঁজা থেকে শুরু করে কী ধরনের বেতন চান, সেসব বিষয়েও বর্তমানে আগ্রহ বেশি তরুণদের। সম্প্রতি সিসকো পরিচালিত আন্তর্জাতিক একটি গবেষণায় এসব তথ্য জানা গেছে। এ ছাড়া এসব মাধ্যম ব্যবহার করে তরুণেরা জানার চেষ্টা করেন কাজের ক্ষেত্র কেমন, প্রতিষ্ঠানের সার্বিক সুবিধা ইত্যাদি বিষয়। এ গবেষণা থেকে আরও নানা ধরনের তথ্য এসেছে; যার মধ্যে রয়েছে চাকরি খোঁজা ও বেতন, পছন্দের জায়গা ও কর্মঘণ্টা, মোবাইল ফোন, স্মার্ট ডিভাইসের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকার সুবিধা ইত্যাদি। প্রায় ৫৭ শতাংশ তরুণ পেশাজীবী মনে করেন, চাকরির ক্ষেত্র পছন্দের পাশাপাশি বেতন যেমন জরুরি, তেমনি মোবাইল ফোন কিংবা স্মার্টফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে ব্যক্তিগত ওয়েবসাইট ব্যবহারের সুযোগগুলো উন্মুক্ত থাকা উচিত। ২৭ শতাংশ শিক্ষার্থী চান, কাজ করার ক্ষেত্রে রিমোট একসেস সুবিধা। অনেকে চান, তাঁদের করপোরেট-সংক্রান্ত তথ্যগুলো নেটওয়ার্কের মাধ্যমে বাসার কম্পিউটারে ব্যবহার করা যাবে। তবে জরিপে অংশ নেওয়া সবাই চান যাতে করে কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার, নিজের ওয়েবসাইট ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে স্বাধীনতা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম