ছেলে সিয়ন কক্সকে সঙ্গ দিতে একটা ছোট্ট কুকুর বাড়িতে নিয়ে এসেছিলেন জুলি। নাম রেখেছিলেন চান্স। কদিনেই পরিবারের সবার ভীষণ প্রিয় হয়ে উঠলেও হঠাৎ একদিন হারিয়ে যায় কুকুরটি। চান্সকে না পেয়ে ১১ বছরের সিয়নের সে কী কান্না! মা-ছেলে মিলে অনেক খুঁজলেন, এলাকার লাইটপোস্টগুলোতে চান্সের সন্ধান চেয়ে পোস্টার লাগালেন। তবু, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। জুলি ভাবলেন, চান্সকে ফিরে পাওয়ার কোনো ‘সুযোগ’ আর নেই। বলছি ২০০৪ সালের কথা।
এরপর কেটে গেছে ১০ বছর। ছোট্ট সিয়ন এখন ২১ বছরের তরুণ। বাড়িতে এখন দুটো কুকুর, চান্সের কথা তাঁরা ভুলেই গিয়েছিলেন। এমন সময় জুলির কাছে ফোন এল। ও প্রান্ত থেকে বলা হলো, ‘আপনার কুকুরটাকে পাওয়া গেছে।’ জুলি প্রথমে পাত্তাই দিলেন না। বললেন, ‘কী আবোলতাবোল বলছেন? আমার কুকুর দুটি তো উঠানে খেলা করছে।’ যখন শুনলেন কুকুরটার রং সাদা-কালো, টনক নড়ল তাঁর। এ তো চান্স! বাড়ি থেকে ২০ মাইল দূরে ক্ষুধার্ত-অসুস্থ অবস্থায় পাওয়া গিয়েছিল চান্সকে। একজন পশু চিকিৎসক রাস্তা থেকে তুলে এনে স্ক্যান করার সময় তার ভেতরে একটি মাইক্রো চিপ খুঁজে পান। মাইক্রোচিপটি থেকেই জুলির নাম আর ঠিকানা বেরিয়ে আসে।
এখন চান্স আছে তার পুরোনো মালিকদের জিম্মায়। এত বছর পরও মুখগুলো ঠিকই সে চিনতে পেরেছে। ছুটে এসেছে সিয়ন-জুলির কাছে। ঘটনা সম্পর্কে জুলির বক্তব্য, ‘এ যেন ডিজনির কোনো শিশুতোষ সিনেমার গল্প!’ ডেইলি মেইল
