চার দিনে ১৩ লাখ লাইক পেল পিএমও ইন্ডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএমও ইন্ডিয়ার ফেসবুক পেজের কভার ফটো
পিএমও ইন্ডিয়ার ফেসবুক পেজের কভার ফটো

যাত্রা শুরুর মাত্র চার দিনের মধ্যেই ভারতের প্রাইম মিনিস্টারস অফিস (পিএমও ইন্ডিয়া) ফেসবুক পেজটির লাইকের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অফিসে বসে কাজ করছেন—এমন একটি ছবিকে পেজটির কভার ফটো হিসেবে ব্যবহার করা হয়েছে। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পিএমও ইন্ডিয়া অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে আসা ব্যক্তিদের ছবিও দেওয়া হয়েছে। এ ছাড়া ‘ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তাও প্রকাশিত হয়েছে পেজটিতে। তাঁর এই বার্তাটিতে অনেকেই লাইক দিয়েছেন। এ ছাড়া মন্তব্য লিখেছেন, এমনকি পরামর্শও দিয়েছেন অনেকেই।

ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়েছে, ‘সে নো টু টোব্যাকো।’ তাঁর এই বার্তার জবাবে একজন অনুরোধ করেছেন তামাকজাত পণ্যের দাম বাড়িয়ে এর ব্যবহার কমানোর জন্য। জনসম্মুখে তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধেরও পরামর্শ দিয়েছেন একজন। 

টুইটারে ভারতের পিএমও অ্যাকাউন্ট থেকে এক টুইটে ফেসবুকের অফিসিয়াল ফেসবুক পেজে এক মিলিয়ন বা ১০ লাখ লাইকের সংখ্যার বিষয়টি নিশ্চিত করা হয়। এখন পর্যন্ত লাইকের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৪০ হাজারের বেশি। অবশ্য নরেন্দ্র মোদির ভেরিফাইড অ্যাকাউন্টে ফেসবুক লাইক আরও বেশি। বর্তমানে নরেন্দ্র মোদির পেজটির লাইকের সংখ্যা এক কোটি ৬৮ লাখ ৭৭ হাজারের বেশি। এদিকে, পিএমও ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ১৪ লাখ। 

মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগের মাধ্যমকে সক্রিয়ভাবে ব্যবহার করছেন ভারতের প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরাও তাই করবে বলে তিনি আশা করছেন।

পিএমও ইন্ডিয়া পেজের লিংক https://www.facebook.com/PMOIndia