নৃবিজ্ঞানীরা এবার ‘মানুষের’ চার লাখ বছরের পুরোনো হাড়ের জীবাশ্ম (ফসিল) থেকে সংগৃহীত ডিএনএর পাঠোদ্ধার করেছেন। তাঁদের ধারণা, এ সাফল্যের ফলে আদি মানুষের প্রকৃতি ও ক্রমবিকাশসংক্রান্ত গবেষণায় নতুন দিগন্ত খুলে গেছে।
স্পেনের উত্তরাঞ্চলীয় একটি খনি থেকে উদ্ধার করা হয়েছিল ওই ফসিল। এটি ছিল আদি ‘মানুষের’ ঊরুর হাড় (ফিমার)। মানুষের জিনগত ইতিহাস প্রায় তিন লাখ বছরের বলে এত দিন পর্যন্ত ধারণা প্রচলিত ছিল। তবে নতুন গবেষণাটি বলছে, স্পেনের সিমা দে লোস হুয়েসোস গুহা এলাকায় প্রায় চার লাখ বছর আগেও মানব গোত্রের আদি উপস্থিতি (হোমিনিন) ছিল।
তবে সেই আদি ‘মানুষের’ ডিএনএ রহস্য উদ্ঘাটনের ফলে আসলে মানুষের বিবর্তনের ইতিহাস স্পষ্ট হওয়ার পরিবর্তে বরং নতুন কিছু রহস্যের অবতারণা হয়েছে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। সংশ্লিষ্ট বিজ্ঞানী ও জার্মানির লিপজিগে অবস্থিত ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অব ইভল্যুশনারি অ্যানথ্রোপলজির পরিচালক এসভান্তে পাবো বলেন, মানুষের পূর্বসূরিদের (চার লাখ বছরের পুরোনো) ডিএনএ নিয়ে তাঁরা এখন আরও বিস্তারিত গবেষণার সুযোগ পাবেন।
বিজ্ঞানীরা ওই ফসিলের ফিমার থেকে ডিএনএর মাইটোকন্ড্রিয়াল ডিএনএর প্রায়-সম্পূর্ণ একটি অনুক্রম নকশা তৈরি করেছেন। কিন্তু সেটি আদি ও আধুনিক মানুষের জিন সংকেতের সঙ্গে তুলনা করে দেখা যায়, ওই মাইটোকন্ড্রিয়াল ডিএনএর সঙ্গে মিল পাওয়া গেছে হাজার হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়ার দেনিসোভা কেভ অঞ্চলে প্রাপ্ত ৪০ হাজার বছরের পুরোনো একটি নমুনার সঙ্গে। এএফপি ও বিবিসি।