চারটি ভাসমান তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে

হাওর, চর ও পানিবন্দী অঞ্চলের মানুষকে তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এই প্রশিক্ষণ দিতে চারটি ভাসমান তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিচ্ছে বিসিসি।
ভাসমান এই প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারনেট ও সোলার প্যানেল সুবিধাসহ ২০টি ল্যাপটপ থাকবে। এই ভাসমান প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে নেদারল্যান্ডসের ফ্লোটিং সিটি অ্যাপস ও এখানে প্রশিক্ষণ দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভাগ সূত্রে জানা গেছে, ভাসমান তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে ঢাকার একটি হোটেলে নেদারল্যান্ডসের ফ্লোটিং সিটি অ্যাপসের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক সমঝোতা স্মারক সই হয়েছে। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়কমন্ত্রী মিলানি শুল্টজ ভেন হাইগেন, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডিজং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ফ্লোটিং সিটি অ্যাপসের বোর্ড সদস্য ফ্রাঙ্ক বান ব্যান আকের প্রমুখ।
জুনাইদ আহমেদ বলেন, ‘বিদ্যুৎ সুবিধাবঞ্চিত চর বা হাওর অঞ্চলে তথ্যপ্রযুক্তি সেবা অপ্রতুল। এই প্রত্যন্ত অঞ্চলেও তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এবং এখানকার তরুণদের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিতে ভাসমান তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। নেদারল্যান্ডস বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে নেদারল্যান্ডস সব সময় আমাদের পাশে থেকেছে। এই সমঝোতা স্মারক বন্ধুত্বের একটি নিদর্শন।’