চারটি সংস্থায় পরীক্ষামূলক ই-টেন্ডারিং চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন কাজ ও কেনাকাটার দরপত্র-সংক্রান্ত কাজে ইলেকট্রনিক-প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ই-টেন্ডারিং ব্যবস্থা চালু হলে ইন্টারনেটের মাধ্যমে এ চারটি সংস্থার দরপত্র কেনা ও জমা দেওয়া যাবে। এ প্রকল্প বাস্তবায়ন করবে পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লিমেন্টিং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিভাগের কেন্দ্রীয় ক্রয়-সংক্রান্ত কারিগরি ইউনিট (সিপিটিইউ)। চারটি সংস্থার ২০ এজেন্সিতে ই-টেন্ডারিং চালু হবে।গত বৃহস্পতিবার সিপিটিইউয়ের মহাপরিচালক অমূল্য কে দেবনাথ প্রথম আলোকে জানান, এ প্রকল্পের আওতায় ই-টেন্ডারিং ও ই-প্রকিউরমেন্ট দুটি কার্যক্রমই চালু হবে। দুটি কার্যক্রমের জন্যই প্রয়োজন ডিজিটাল সই। ডিজিটাল সই চালু হওয়ার পরই আগামী সেপ্টেম্বর মাসে এ চারটি প্রতিষ্ঠানের ই-টেন্ডারিং কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু হবে। ডিজিটাল সইয়ের প্রযুক্তি অনুমোদন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।এ কার্যক্রমের জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ এগিয়ে চলছে। তবে অমূল্য কে দেবনাথ অবকাঠামোগত উন্নয়ন, উচ্চগতির ইন্টারনেটের ব্যাপারে গুরুত্ব দেন। যেহেতু ঢাকার বাইরেও এ কার্যক্রম চলবে, তাই অনলাইন মনিটরিং ব্যবস্থা থাকবে। এতে সফটওয়্যার সহায়তা দিচ্ছে জিএসএস আমেরিকান ইনফোটেক, সঙ্গে রয়েছে দেশি প্রতিষ্ঠান দোহাটেক লিমিটেড।বিসিসির নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, ডিজিটাল সইয়ের সনদ প্রদান কর্তৃপক্ষ (সিএ) নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হবে বলে জানা গেছে। এ কাজ আগামী মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, গত বুধবার বাংলাদেশে ব্যাংকের আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন এবং কমন সার্ভিস বিভাগ যৌথভাবে আনুষ্ঠানিকভাবে ই-টেন্ডারিংয়ের কার্যক্রমের উদ্ধোধন করা হয়। —নুরুন্নবী চৌধুরী