চারপাশের ছবি দেখাবে হেডসেট!
মাথার পেছনে চোখ! মাথার ঠিক পেছনে চোখ না থাকলেও সেখানে কী ঘটছে, সে বিষয়টিও চোখে ধরা পড়বে সহজেই। এ জন্য প্রয়োজন পড়বে একটি বিশেষ ধরনের হেডসেটের। সম্প্রতি ফ্রান্সের একদল প্রকৌশলী ‘ফ্লাইভিজ’ নামে এমন একটি হেডসেট তৈরি করেছেন, যা চারপাশের সব দৃশ্য চোখের সামনে এনে দেখাতে পারে। এক খবরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ফ্রান্সের প্রকৌশলী দলটির তৈরি ফ্লাইভিজ নামের হেডসেটটি চারপাশের দৃশ্যের ছবি তুলে তা একত্রে চোখের সামনে তুলে আনে। হেডসেটটির নকশাবিদ জেরম আরডোইন জানিয়েছেন, হেলমেট আকারের তাঁদের তৈরি হেডসেটটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর ওজন এখন ১.৬ কেজির বেশি। ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, বিশেষ আকৃতির আয়না ব্যবহার করে ত্রিমাত্রিক ছবি তোলা ও তা দেখার উপযোগী করা সম্ভব হয়েছে। কানাডায় অনুষ্ঠিত ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি সম্মেলনে এ হেডসেটটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন গবেষকেরা।