চার্জ থাকে না আইফোন-৪এসে
সদ্যই অবমুক্ত হয়ে বাজারে ঝড় তোলা আইফোন-৪এসে নাকি বেশিক্ষণ চার্জ থাকে না।এ নিয়ে কঠোর সমালোচনায় মুখর হয়েছেন সদ্যই পয়সা খরচ করে, সারা রাত লাইনে দাঁড়িয়ে আইফোন-৪এস কেনা ব্যবহারকারীরা। অ্যাপলের গ্রাহক ব্লগে এ নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে সমালোচনা। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, আইফোন-৪এসে খুব তাড়াতাড়ি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এমনিতে ব্যাটারি বেশি খরচ হয়—এমন কিছু অ্যাপ্লিকেশনের ব্যবহার বন্ধ করে দিয়েও এ সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। পুরো ব্যাপারটি ভীষণ আশাহত করেছে ব্যবহারকারীদের।একজন ব্যবহারকারী ব্লগে লিখেছেন, ‘আমি ব্যাপারটি নিয়ে খুবই হতাশ। ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই হার, প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫ শতাংশ।’ এরপরই তিনি একটি হিসাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজ সকাল সাড়ে আটটায় আমি ফোন আনপ্লাগড করে অফিসে যাই। দুপুর ১২টার মধ্যে দেখি ফোনের ৫৩ শতাংশ ব্যাটারি খরচ হয়ে গেছে। অথচ এ সময়ের মধ্যে আমি কয়েকটা কল করা ছাড়া আর তেমন কিছুই করিনি। ব্যাটারি বাঁচাতে তেমন কোনো অ্যাপ্লিকেশনই আমি ব্যবহার করি না।’এদিকে ব্যবহারকারীদের এ অভিযোগের কোনো জবাব দেয়নি অ্যাপল। এ ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকার তরফ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও তারা নীরবই রয়েছে। তবে বিশেষ সূত্র জানাচ্ছে, ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে অ্যাপল ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।অপরদিকে এই ব্যাটারি সমস্যার মূল কারণ হিসেবে অনেকেই ‘টাইম জোন’ অ্যাপ্লিকেশনকে দায়ী করছে। বিশ্বের বিভিন্ন জায়গার সময় জানতে এই টাইম জোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়। জানা গেছে, অনেকেই এই টাইম জোন অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়ে ব্যাটারি সমস্যার কিছুটা সমাধান খুঁজে পেয়েছে।অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পরপরই বাজারে আসে আইফোন-৪এস। স্টিভ জবসের শেষ কর্মযজ্ঞ হিসেবে আইফোন-৪এস মানুষের মধ্যে বিপুল আবেগ তৈরি করে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করে আইফোনের এ নতুন সংস্করণটি। ক্রেতা আগ্রহের দিক দিয়ে যেকোনো প্রযুক্তিপণ্যের মধ্যে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যায় এতে। নিউইয়র্ক টাইমস।