স্মার্টফোনের চার্জ দেখেও মানুষ হিসেবে আপনি কেমন, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। রস+আলো চালিয়েছে সেই জরিপ। দেখুন, আপনার সঙ্গে মেলে কি না!
স্মার্টফোনে ৯৯% চার্জ নিয়ে বাইরে বেরোলেন আপনি। ফিরলেন তিন ঘণ্টা পর। বাসায় এসে দেখলেন ফোনের চার্জ কমে গেছে। সে ক্ষেত্রে—
ফোনের চার্জ ৮০%-এর ওপরে হলে
মানুষ হিসেবে আপনি বেশ বন্ধুবৎসল। ডিজিটাল বন্ধুদের চেয়ে অ্যানালগ বন্ধুদের প্রতিই আপনার আগ্রহ বেশি। বাস যানজটে পড়লে ফোন বের করে টেপাটেপি না করে যানজট শেষ হওয়ার জন্য ট্রাফিক পুলিশের দিকে তাকিয়ে থাকেন এবং ঠিক সেই মুহূর্তে সৃজনশীল, অসৃজনশীলসহ নানান ধরনের চিন্তা করে সময় পার করেন।
ফোনের চার্জ ৬০%-এর ওপরে হলে
আপনি এখনো পুরোপুরি ডিজিটাল হয়ে ওঠেননি ঠিকই, তবে কোনো কাজে অপেক্ষা করতে হলে কিংবা সময় কাটানোর প্রয়োজন দেখা দিলে আপনি ঠিকই হাতে তুলে নেন স্মার্টফোন। ক্যান্ডি ক্রাশ কিংবা টোয়েন্টিনাইনের মতো ‘ছেলেমানুষি সহজ’ গেম খেলে কাটিয়ে দেন কিছুটা সময়। প্রয়োজন ছাড়া খুব একটা ফোন করার অভ্যাস আপনার নেই। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসেন ঠিকই, তবে সেটা সব দিন নয়।
ফোনের চার্জ ৪০%-এর ওপরে হলে
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার—এগুলো আপনার সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। ভার্চ্যুয়াল বন্ধুবান্ধব ছাড়া জীবনটা কল্পনাই করতে পারেন না! দশটা মিনিট ইন্টারনেটে না থাকতে পারলে ‘কী যেন মিস হয়ে গেল’-জাতীয় চিন্তা করতে করতে অস্থির হয়ে পড়েন। বাস যানজটে পড়ুক আর না-ই পড়ুক, ‘সময় যেহেতু পাওয়া গেছে, ফেসবুকে একবার ঢুঁ মারি’ বলে স্মার্টফোনে ডুবে যান। ফেসবুকে ঢুকেই আপনি শান্ত হন না, এখন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কেন যাচ্ছেন—এগুলো নিয়ে একটা স্ট্যাটাস কিংবা কমপক্ষে একটা চেক-ইন না দিলে আপনার হয় না। বাস্তবের বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে শেষ কত দিন আগে আড্ডা দিয়েছিলেন, এটা চাইলেও আপনি মনে করতে পারেন না!
ফোনের চার্জ ২০%-এর ওপরে হলে
অনলাইনে সামাজিক যোগাযোগ করার ক্ষেত্রে আপনি খুব একটা আগ্রহী না হলেও অনলাইন গেমের প্রতি রয়েছে আপনার দুর্বার আকর্ষণ। আগে ‘ক্রিমিনাল কেস’ নিয়ে ব্যস্ত থাকলেও ইদানীং আপনার আসক্তি বেড়েছে ‘ক্ল্যাশ অব ক্ল্যানসের’ প্রতি। শয়নে-স্বপনে আপনি ‘অ্যাটাক’ নিয়ে ভাবেন। দেখেন ‘ট্রুপস’ রেডি হলো কি না! এই চিন্তায় ঘুমাতেও পারেন না ঠিকমতো। ড্রাগনগুলোর খাওয়া হয়েছে কি না, এই ভেবে নিজের খাওয়াদাওয়া শিকেয় তুলে ফেলেন। বাস্তবের বন্ধুদের সঙ্গে আড্ডা দিলেও আপনার বন্ধুবান্ধব ‘ক্ল্যানসের’ গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ। তার চেয়েও বড় কথা আড্ডায় কথাবার্তা যা হয়, পুরোটাই ‘অ্যাটাক’ আর ‘গেম প্ল্যান’কেন্দ্রিক। মাঝেমধ্যে কেউ হয়তো আগ্রহ নিয়ে ‘ট্রান্সফরমার ৪ খুব একটা ভালো হয় নাই’ কিংবা ‘জেসন স্টেথাম কেন এই ছবি করে নাই’ অথবা ‘মনিকা বেলুচ্চিরে কেন “জেমস বন্ডের” মেইন নায়িকা করল না’—এ রকম আলোচনা তোলে, তবে সেদিকে আপনি কানই দেন না।
ফোনের চার্জ ৩%-এর ওপরে হলে
আপনি শুধু অনলাইন গেমের প্রতিই আসক্ত নন। বেশ গভীর সামাজিক যোগাযোগও রক্ষা করেন আপনি নিষ্ঠার সঙ্গে। একদিকে অনলাইন গেম চলে, অন্যদিকে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপে কে নক করল, না করল—এগুলোর ব্যাপারেও আপনি সর্বদা সজাগ। বাস্তবের বন্ধুদের সঙ্গে কদাচিৎ দেখা হলেও আপনি সাধারণত তাঁদের এড়িয়ে চলেন। কিংবা কোনো কারণে বাধ্য হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিলেও আপনার মন পড়ে থাকে স্মার্টফোনের ভেতরে!
বি. দ্র.: যদি দেখেন, দু-তিন ঘণ্টা পর আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায় ঠিকই কিন্তু ওপরের কোনো চরিত্রই আপনার সঙ্গে মিলছে না, সে ক্ষেত্রে বুঝবেন, আপনার ফোনের ব্যাটারি নষ্ট এবং দ্রুত তার চিকিৎসা করা প্রয়োজন!