চার্জ হবে পানি দিয়েই!
বৈদ্যুতিক চার্জার এখন সবার কাছেই একটি নিত্য দরকারি পণ্য। মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, সবকিছুতেই লাগে চার্জার। বিভিন্ন ধরনের চার্জারের কথা আমরা শুনেছি। তবে চমকে দেওয়ার মতো খবর হলো, এবার পানি দিয়েই চার্জ দেওয়ার কাজটি করা যাবে। সম্প্রতি সুইডেনের ফুয়েল সেল নির্মাতা প্রতিষ্ঠান মাইএফসি ‘পাওয়ারট্রেক’ নামে এমন এক ব্যতিক্রমী চার্জার তৈরি করতে সক্ষম হয়েছে। নতুন এ চার্জার মোবাইল ফোন, ক্যামেরা এবং জ্বালানি তেলে চালিত যন্ত্রে সহজেই ব্যবহার করা যাবে। মাইএফসি দাবি করেছে, ‘পাওয়ারট্রেক’ হচ্ছে বিশ্বের প্রথম বহনযোগ্য জ্বালানি তেলনির্ভর চার্জার, যা হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তর করতে পারে। গবেষকেরা জানিয়েছেন, এ চার্জারে সোডিয়াম সিলিসাইড নামের নতুন আবিষ্কৃত এক ধরনের রাসায়নিক পাউডার ব্যবহার করা হয়েছে। চার্জারের নির্দিষ্ট অংশে পানি ঢাললে পানির সঙ্গে পাউডারটির বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। আর সেটি থেকেই নির্দিষ্ট প্রক্রিয়ায় চার্জারটি কার্যক্ষম হয় এবং কাজ করে। এটি ব্যবহার করাও সহজ। চার্জারটিতে শুধু কোনো ফুয়েল প্যাক এবং পানি মিশিয়ে দিলেই হবে। এর ভেতরে রয়েছে একটি ছোট গোল পাত্র এবং সেটি দুটি অংশে বিভক্ত। একটি অংশে থাকবে সোডিয়াম সিলিসাইড পাউডার এবং অন্য অংশটিতে ঢালতে হবে পানি। তারপর এর সঙ্গে থাকা ইউএসবি পোর্টটি মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদিতে সংযোগ করলেই যন্ত্রটি চার্জ নেওয়া শুরু করবে। মাত্র এক টেবিল চামচ পানিতে এ চার্জারে যে শক্তি উৎপন্ন হবে তা দিয়ে একটি মোবাইল ফোনে ১০ ঘণ্টা কথা বলা যাবে। প্রাথমিকভাবে এ চার্জারটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ ইউরো। আগামী মে-জুন মাসের মধ্যে চার্জারটি ইউরোপের বাজারে ছাড়া হবে। —ডেইলি মেইল অবলম্বনে প্রদীপ সাহা