চার্জখেকো অ্যাপ হোয়াটসঅ্যাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন? মোবাইলে দ্রুত চার্জ শেষ হওয়ার জন্য এই অ্যাপকে অনেকাংশে দায়ী করেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ব্যাটারি পুরো চার্জ রাখার কয়েক ঘণ্টার মধ্যেই চার্জ শেষ করে ফেলে হোয়াটসঅ্যাপ। কারণ, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ক্রমাগত ফোনকে ব্যস্ত রাখে। ফোন স্লিপিং মোডে থাকলেও সব সময় সংযোগের আওতায় থেকে অল্প পরিমাণ ডেটা ডাউনলোড করার চেষ্টা করে এটি। ব্যাটারির ওপর চাপ বজায় রেখে ইনকামিং মেসেজ সংরক্ষণ করে রাখে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে সবচেয়ে বেশি চার্জখেকো অ্যাপ নিয়ে অ্যান্টিভাইরাস নির্মাতা এভিজি টেকনোলজিসের এক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে সবচেয়ে বেশি চার্জখেকো অ্যাপ হিসেবে ফেসবুক, হোয়াটসঅ্যাপের নাম আসে। এ ছাড়া এ তালিকায় ক্যান্ডি ক্রাশ, ক্লাশ অব ক্লান গেমের নামও রয়েছে।
মোবাইলে বেশিক্ষণ চার্জ ধরে রাখতে চান? হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হিসেবে যাঁরা মোবাইল ডেটা ব্যবহার করছেন, তাঁরা সেটিংসে গিয়ে নেটওয়ার্ক মোড টুজি রাখুন। টেক্সট বার্তা পাঠাতে এ মোড ভালো কাজ করবে। ওয়েব সংস্করণ ব্যবহার করতে পারেন।
এ ছাড়া মোবাইল ফোনে পুশ নোটিফিকেশন বন্ধ রাখুন। দরকার না হলে ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস বন্ধ রাখুন। ফোনের উজ্জ্বলতা কমিয়ে দিন। তথ্যসূত্র: জিনিউজ, সিএনএন।