চালু হচ্ছে 'ইন্সটাগ্রাম ফর ডক্টর'
স্বাস্থ্যবিষয়ক প্রফেশনালদের জন্য রোগীদের ছবি সহজে শেয়ার সুবিধা নিয়ে চালু হচ্ছে ‘ইন্সটাগ্রাম ফর ডক্টর’ নামের বিশেষ অ্যাপ। চলতি বছরের শেষে এ অ্যাপ ইউরোপে চালু হবে। এ অ্যাপের সাহায্যে মূলত মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকেরা রোগীদের ছবি শেয়ারের কাজে ব্যবহার করবেন। ইতিমধ্যে এ কার্যক্রমে প্রায় এক লাখ ৫০ হাজার চিকিৎসক যুক্ত হয়েছেন। তবে এ উদ্যোগ নিয়ে বিশেষজ্ঞরা অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর মুখ এবং শরীরে ট্যাটু থাকলে সেটিও মুছে দেওয়া হচ্ছে। যার ফলে রোগীকে চেনার কোনো সুযোগ থাকছে না। এ ছাড়া প্রতিটি ছবিই নির্বাচিত সঞ্চালকদের অনুমতি পেয়েই ডেটাবেসে যুক্ত হবে বলেও জানা গেছে। এ উদ্যোগটির প্রতিষ্ঠাতা ডা. জোস ল্যান্ডি বলেন, ‘কোনো রোগীরই ব্যক্তিগত তথ্য রাখা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমরা যেহেতু কোনো সংগঠন কিংবা প্রতিষ্ঠান নই, তাই এটি শুধু চিকিৎসকেরা তাঁদের শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রেই ব্যবহার করবেন।’
অ্যাপটি চাইলে যে কেউই বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন, তবে শুধু স্বাস্থ্য বিশেষজ্ঞরাই ছবি আপলোড করতে পারবেন। এ ছাড়া ভয়ংকর কিংবা প্রকাশের অযোগ্য ছবি যাতে আপলোড না হয়, সে বিষয়ে রয়েছে আলাদা নির্দেশনা। ডা. ল্যান্ডি জানান, পুরো কার্যক্রমটিই পরিচালিত হবে মেডিকেল শিক্ষাকাজে। এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি ছবিই রঙিন রাখা হবে। অ্যাপটি তৈরিতে গত বছর প্রায় ৬০ লাখ ডলার বিনিয়োগও মিলেছে। ইতিমধ্যে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে অ্যাপটি পাওয়া যাচ্ছে। অ্যাপটির সাহায্যে উল্লেখযোগ্য সফলতা পেলে সেটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
—বিবিসি অবলম্বনে কাজী আলম