চালু হলো ইউটিউবের নতুন সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউটিউবের নতুন সুবিধা আপাতত শুধু স্মার্টফোনেই মিলবে
ইউটিউবের নতুন সুবিধা আপাতত শুধু স্মার্টফোনেই মিলবে

ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব এবার নির্দিষ্ট খরচের বিনিময়ে গান শোনা, গানের ভিডিও দেখা এবং গান নামানোর (ডাউনলোড) নতুন সুবিধা চালু করেছে। ‘ইউটিউব মিউজিক কি’ নামের এই সেবা পেতে প্রতি মাসে খরচ করতে হবে ৭.৯৯ ডলার। ইউটিউবের এই সেবা হবে বিজ্ঞাপনমুক্ত। নির্দিষ্ট খরচ দিলেই বিজ্ঞাপন ছাড়াই অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।
এ ধরনের সেবা ইতিমধ্যে স্পটিফাই, আরডিও, বিটস মিউজিকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দিচ্ছে। শুরুতেই সবচেয়ে দ্রুত এ সেবা পাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রগুলো। পরে এসব সেবা অ্যাপলের আইফোন এবং ট্যাবলেটেও পাওয়া যাবে। তবে আপাতত এ সেবা শুধু স্মার্টফোনেই থাকছে।
ইউটিউবের মালিক গুগল জানিয়েছে, কম্পিউটারের জন্য আপাতত চালু হচ্ছে না এ সেবা। ইউটিউবের মুখপাত্র ম্যাট ম্যাকলারনন বলেন, ‘আমরা ইউটিউবের সেবাগুলোকে আরও সহজে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে এ উদ্যোগ নিয়েছি। এতে করে যাঁরা সংগীত নিয়ে কাজ করেন, তাঁদের যেমন সুবিধা হবে, তেমনি ব্যবহারকারীরাও উন্নত সেবা পাবেন।’
ইউটিউবের এমন উদ্যোগ কতটা সাড়া ফেলবে ব্যবহারকারীদের মধ্যে, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন একাধিক বাজার গবেষক। গবেষণাপ্রতিষ্ঠান ফরেস্টার রিসার্চ কনসালটেন্সির প্রধান বিশ্লেষক জেমস ম্যাককোয়েভি বলেন, ‘যদি কেউ ইতিমধ্যে স্পটিফাইয়ের মাধ্যমে এ সেবা নিয়ে থাকেন, তাহলে তিনি ইউটিউবের এ সেবা নেবেন বলে আমার মনে হয় না। কারণ, একই সেবা স্পটিফাই দিচ্ছে।’ শুরুর দিকে ইউটিউবের ‘মিউজিক কি’ সেবাটি বিশেষ আমন্ত্রণের মাধ্যমে গ্রাহকদের কাছে পাঠানো হবে। আর শুরুতেই যাঁরা গুগলের কাছ থেকে এই সেবার প্রাথমিক সংস্করণ পরীক্ষা করে দেখার আমন্ত্রণ পাবেন, তাঁরা বিনা মূল্যে ছয় মাস এটা ব্যবহার করতে পারবেন।
—বিবিসি ও টেকক্রাঞ্চ অবলম্বনে কাজী আলম