চালু হলো এনআরবি জবস ডট কম
চালু হলো চাকরির নতুন ওয়েব পোর্টাল এনআরবি জবস ডট কম (www.nrbjobs.com)। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই চাকরির পোর্টালটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, বর্তমানে বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এনআরবি জবস। এ দেশে মেধাবী তরুণদের কাজের সুযোগ বাড়ছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, গত আট বছরে দেশে দেড় কোটি তরুণের কাজের সুযোগ হয়েছে।
অনুষ্ঠানে জব পোর্টালটির নানা দিক তুলে ধরেন এনআরবি জবসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম ই চৌধুরী। তিনি বলেন, এই চাকরির ওয়েব পোর্টালটি চাকরির গ্লোবাল পোর্টাল। এখানে এ দেশের চাকরিপ্রত্যাশীরা চাকরি খুঁজতে পারবেন ও চাকরিদাতারা বিজ্ঞাপন দিতে পারবেন। এ ছাড়া দেশি প্রতিষ্ঠান যদি বিদেশি কর্মী নিয়োগ দিতে চায়, তারও বিজ্ঞাপন দিতে পারবেন। বিদেশিরা বাংলাদেশে চাকরির খোঁজও পাবেন এখানে।
এম ই চৌধুরী বলেন, বিশ্বের নানা দেশে বাংলাদেশিরা বড় বড় প্রতিষ্ঠানের মালিক। তাঁরা সে দেশে তাঁদের প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চাইলে এখানে বিজ্ঞাপন দিতে পারবেন। তেমনি বিদেশে চাকরিপ্রত্যাশী বাংলাদেশিরাও এখানে সেসব চাকরির খোঁজ পাবেন। এখানে দেশের অঞ্চলভিত্তিক চাকরির খোঁজ পাওয়া যাবে। এ ছাড়া দৈনিক বিভিন্ন পত্রিকায় সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞাপন এখানে দেখতে পাওয়া যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামাল উদ্দীন আহমেদ, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়াহিদ শরিফ বক্তব্য দেন।