চালু হলো জাতীয় তথ্য বাতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় তথ্য বাতায়নের প্রথম পৃষ্ঠা
জাতীয় তথ্য বাতায়নের প্রথম পৃষ্ঠা

(www.bangladesh.gov.bd) ঠিকানার ওয়েবসাইটটি ছিল সরকারের আনুষ্ঠানিক ওয়েবসাইট৷ এখন একই ঠিকানার সাইটটিই আবার চালু হলো ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ নামে৷ এ তথ্য বাতায়নে সরকারের বিভিন্ন ধরনের ২৫ হাজার ৪৩টি ওয়েবসাইটের সমন্বয় ঘটানো হয়েছে৷
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় তথ্য বাতায়নের উদ্বোধন করা হয়৷ এ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার রূপকল্প ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা ২০০৯ সালে গ্রহণ করেছিল, তার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে৷ জাতীয় তথ্য বাতায়ন বা ন্যাশনাল ওয়েব পোর্টাল বিশ্বের সর্ববৃহৎ তথ্য বাতায়ন। এর মাধ্যমে সরকারের ২৫ হাজার দপ্তরে এবং ৪৮৮টি উপজেলায়, এমনকি গ্রামের মানুষদের কাছে ইন্টারনেটের মাধ্যমে বহুবিধ নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে৷
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবুল কালাম আজাদ এবং অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বক্তৃতা করেন৷ সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
এটুআইএয়ের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মাধ্যমে দেশি তথ্যপ্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় তথ্য বাতায়নের কাজ সম্পন্ন হয়েছে৷ বেসিসের সভাপতি শামীম আহসান জানান সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে সরকাির ও বেসরকাির উদ্যোগে এই জাতীয় তথ্য বাতায়ন তৈরি করা হয়েছে৷
জাতীয় তথ্য বাতায়নে বাংলা ভাষায় ২০ লাখ বিষয়বস্তু কনটেন্ট, ৪০ হাজার ছবি রয়েছে। এ বিষয়ে ৫০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণ নিয়েছেন৷ অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন ১৫ লাখ মানুষ এ তথ্য বাতায়ন দেখে থাকেন৷