চালু হলো ‘মুক্তব্লগ’
ইন্টারনেটে বাংলা লেখার স্বাধীনতাকে প্রসারিত করার উদ্দেশ্য নিয়ে চালু হলো নতুন বাংলা ব্লগ মুক্তব্লগ (www.muktoblog.com)। সম্পূর্ণ বাংলায় তৈরি এ ব্লগে বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে নিজের কথা ছড়িয়ে দেওয়া যাবে বিশ্বের সবার কাছে। ‘মুক্তব্লগ মুক্ত মন, মুক্ত চিন্তার এ বাঁধন’ স্লোগানে এ ব্লগের যাত্রা শুরু হয় গত বৃহস্পতিবার। ব্লগে ক্লিক করে আনুষ্ঠানিকভাবে এ ব্লগের উদ্বোধন করেন চিকিৎসক ও লেখক মোহিত কামাল।এ সময় তিনি বলেন, মুক্তচর্চার ক্ষেত্র বাংলা ব্লগের এ যাত্রা নতুন একদল ব্লগারকে লেখক হিসেবে তৈরি করতে পারে। পরে তিনি কেক কেটে আনুষ্ঠানিকভাবে ব্লগের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সামহোয়ারইন ব্লগের প্রধান আরিল্ড ক্লোক্কেরহৌগ, ব্লগার মাহমুদ, কালপুরুষ, দেবদাস, মিলন, কারিম, হাফিজ, লীনা ফেরদৌসী এবং ব্লগের প্রোগ্রামার আফরোজ আজাদ। মুক্তব্লগে বর্তমানে সমসাময়িক, সাহিত্য, প্রাত্যহিক, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ, শিল্প-সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, স্বাস্থ্যকথা ইত্যাদি বিভাগ আছে। —নুরুন্নবী চৌধুরী