চালু হলো অনলাইন ভিডিও পোর্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম অনলাইন তথ্যপ্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকজুম২৪ ডটকমের (tv.techzoom24.com) ভিডিও পোর্টাল চালু হয়েছে। গত শনিবার রাজধানীর আলীগড় হাউস অডিটরিয়ামে উদ্বোধন করা হয়। তথ্যপ্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকজুম২৪ ডটকমের ভিডিও পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করে দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল বলেন, দেশের তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য টেকজুম বিশেষ ভূমিকা পালন করবে। সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করার ওপর জোর দিতে হবে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিকে মানুষের কল্যাণে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সঠিকভাবে তুলে ধরতে হবে।বিশেষ অতিথি প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। টেকজুম২৪ সেই ধারাকে আরও এগিয়ে নেবে। টেকজুম২৪ ডটকমের উপদেষ্টা রাগীব রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক কার্ডিয়াক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এন এ কামরুল আহসান, বাংলাদেশ কাস্টমসের যুগ্ম কমিশনার ইসমাঈল হোসেন সিরাজী, টেকজুম২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীনসহ আরও অনেকে। টেকজুম২৪ ডটকম তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক তথা আইসিটিবিষয়ক দেশের প্রথম ও একমাত্র অনলাইন নিউজ পোর্টাল। পোর্টালটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সব শ্রেণীর পাঠকের কাছে তথ্যপ্রযুক্তিকে আরও সহজে ভিডিওর মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে এই ভিডিও পোর্টালটি চালু করা হচ্ছে। এতে তথ্যপ্রযুক্তিবিষয়ক টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিকস, ইন্টারভিউ, প্রতিবেদনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আর্কাইভ রাখার ব্যবস্থা করা হবে। —তারিকুর রহমান খান