চালু হলো আইপিভি ৬
ইন্টারনেটে নতুন পরিচয় হিসেবে ৬ জুন চালু হলো ইন্টারনেট প্রটোকল ভার্সন ৬ (আইপিভি ৬)। ইন্টারনেট সোসাইটির বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, ট্রিলিয়নেরও অধিক ইন্টারনেট ব্যবহারকারীর নিজস্ব আইপি ঠিকানা হিসেবে পরিচিতি দিতেই আইপিভি ৬ চালু হয়েছে।৬ জুন বুধবার ইন্টারনেট পরিচালকেরা আইপিভি ৬ চালু করে বিদায় জানাল ইন্টারনেটে ঠিকানা লেখার পদ্ধতি আইপিভি ৪-কে।এত দিন ওয়েব অ্যাড্রেস বা ইন্টারনেটে কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখতে আইপিভি ৪ সংস্করণটি ব্যবহার করা হতো। যা ৮ বিটে ৩২টি ডিজিট দিয়ে লেখা হয়। এদিকে, আইপিভি ৬ হচ্ছে ১২৮ বিটের, যা মূলত হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়। বর্তমানে কোটি কোটি ওয়েবসাইট তৈরি হওয়ার ফলে পুরোনো ৮ বিটের আইপি দিয়ে বেশিদিন আর সাইটগুলোর নিবন্ধন করা সম্ভব ছিল না। অর্থাত্, দ্রুত শেষ হয়ে আসছিল আইপিভির আইপি ঠিকানা। নতুন নতুন পণ্য ও ওয়েবসাইটের জন্য ঠিকানা সংকট থেকে মুক্তির পথ হিসেবে আইপিভি ৬ নিয়ে কাজ করছিল ইন্টারনেট সোসাইটি। ইন্টারনেট সোসাইটির সদস্য হিসেবে আইপিভি ৬ সংস্করণে যেতে কাজ করছিল গুগল, ইয়াহু, মাইক্রোসফট বিং এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো। উল্লেখ্য, ২০১১ সালের ৮ জুন আইপিভি ৬ দিবস পালন করেছিল ইন্টারনেটে দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্ব আইপিভি ৬ দিবস পালন উপলক্ষে এ দিনে একত্রে তাদের ওয়েবসাইটগুলো আইপিভি ৬ প্ল্যাটফর্মে নিয়ে আসে।ইন্টারনেট সোসাইটি জানিয়েছে, ৬ জুন ইন্টারনেটের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। কারণ, আইপিভি ৬ চালু হওয়ায় আইপি স্বল্পতা পূরণ হয়ে ইন্টারনেট দুনিয়ায় নতুন পথ উন্মোচিত হলো।আইপি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইসিএএনএন জানিয়েছে, ইন্টারনেটযুক্ত বিভিন্ন পণ্যের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন সংস্করণের ইন্টারনেট চালু জরুরি হয়ে পড়েছে। আইপিভি ৬ স্ট্যান্ডার্ডে ৩৪০ ট্রিলিয়নের বেশি আইপি ঠিকানা রয়েছে। তাই ইন্টারনেট ঠিকানা স্বল্পতার আশঙ্কা দূর হলো।