চালু হলো গুগল প্লে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল টুলবারে ‘প্লে’ নামে নতুন একটি সার্ভিসের নাম দেখা যাচ্ছে। ২৬ মার্চ নতুন এ সার্ভিসটির উদ্বোধন করেছে গুগল। ‘প্লে’ নামের এই লিংকটিতে ক্লিক করলে গুগল তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের একটি ওয়েবপেজ দেখাচ্ছে। সেখানে গুগল প্লের পরিচিতিতে লেখা রয়েছে, এই সার্ভিসটি ব্যবহার করে যেকোনো অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইসে মিউজিক, বুক, মুভি, অ্যাপ ও গেম কেনা ও ডাউনলোড করা যাবে। প্লে সার্ভিসটির হোমপেজের বাম দিকে সুদৃশ্য ভিডিও দিয়ে সাজিয়েছে গুগল। এই সার্ভিসটি ব্যবহারে অর্থ পরিশোধ করতে সুযোগ থাকছে গুগল ওয়ালেট ব্যবহারের।এর আগে গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর, গুগল মিউজিক ও গুগল ইবুক স্টোর—এ তিনটি ব্র্যান্ডকে বিদায় জানিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল তাদের এ তিনটি ব্র্যান্ডকে একসঙ্গে করে ‘গুগল প্লে’ নামের একটি ব্র্যান্ডের আওতায় এনেছে। ৬ মার্চ মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হলেও ২৬ মার্চ থেকেই গুগল টুলবারে দেখা যাচ্ছে ‘গুগল প্লে’। ‘প্লে শব্দটির সঙ্গে লাল রঙের নিউ’ শব্দটি দৃষ্টি আকর্ষণের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের অ্যান্ড্রয়েড স্টোর থেকে কেবল অ্যাপ ডাউনলোড করেন ব্যবহারকারীরা। তাই গুগলের অন্য সার্ভিসগুলো সম্পর্কে তেমন কোনো ধারণা পেতেন না তাঁরা। এবার সবগুলো ব্র্যান্ড একসঙ্গে যুক্ত করে এক ব্র্যান্ডের মধ্যে আনায় সব সার্ভিসই সমান গুরুত্ব পাবে এবং প্লে থেকে সবগুলো একত্রে ব্যবহারের সুযোগ থাকবে।গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাস ও জি-মেইলের সঙ্গে গুগল প্লে সার্ভিসটি জুড়ে দেওয়া হয়েছে।