চালু হলো বিশ্বের বৃহত্তম সরকারি পোর্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় তথ্য বাতায়নে থাকছে নাগরিক সেবার বিভিন্ন তথ্য। আজ ওয়েব পোর্টাল উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়
জাতীয় তথ্য বাতায়নে থাকছে নাগরিক সেবার বিভিন্ন তথ্য। আজ ওয়েব পোর্টাল উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়

দেশের সব ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের জন্য ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি জাতীয় তথ্য বাতায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ সোমবার। পাবলিক সার্ভিস সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

ইউএনডিপি ও ইউএসএইডের কারিগরি সহায়তায় পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে বাংলা ভাষায় তৈরি বিশ্বের বৃহত্তম সরকারি পোর্টাল তৈরি করা হয়েছে।

সরকারি উদ্যোগে ২৫ হাজার ৪৩টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই পোর্টালে রয়েছে। নাগরিকের তথ্য ও সেবা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে ওয়েব পোর্টালটি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সা, আইন, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা-বিষয়ক তথ্য এখান থেকে পাওয়া যাবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সার্কুলার, ৪০০ ই-সেবা পাওয়ার ধাপ, সরকারি ফরম, সিটিজেন চার্টার, কর্মকর্তাদের তালিকা, সাত লাখের বেশি ই-ডিরেক্টরি, মুক্তিযোদ্ধা তালিকা, উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য, জনপ্রতিনিধি, জাতীয় ই-সেবা, বিভিন্ন প্রকল্পের দরকারি তথ্যসহ মোট ২০ লাখের বেশি কনটেন্ট এতে রয়েছে।

তথ্য বাতায়নের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে তৈরি হবে মোবাইল অ্যাপস।

বাংলাদেশ বাতায়নে bangladesh.gov.bd প্রবেশ করে বাম দিকে নেভিগেশন মেনু থেকে সাইট নির্বাচন করতে হবে (প্রয়োজনমতো মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগ নির্বাচন)। এরপর বিভাগের সাইট থেকে জেলা, উপজেলা ও ইউনিয়নের সাইটে যেতে হবে। সব তথ্য-উপাত্ত-ছবি-ভিডিও আপলোড, সম্পাদনা, কনটেন্ট সংযোজন করার কাজ সবই করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা। এটুআইয়ের উদ্যোগে মোট ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল