চালু হলো মোবাইলব্যাংকিং ব্যবস্থা সিওর ক্যাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের মাধ্যমে ব্যাংকিং, অর্থ লেনদেন করার সুবিধা নিয়ে চালু হলো ‘ফার্স্ট পে সিওর ক্যাশ’ শীর্ষক প্রযুক্তিগত ব্যবস্থা। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) এই মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট সেবা চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম বলেন, দেশকে এগিয়ে নেওয়ার প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং এ সময় প্রযুক্তির ছোঁয়া ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ব্যাংকিং খাত প্রযুক্তির মাধ্যমে আরও আধুনিক করে তুলতে হবে এবং এ ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করার বড় হাতিয়ার হতে পারে মুঠোফোন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, এফএসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস ও সৈয়দ ওয়াসেক মো. আলী, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্ল্যাহ্ খান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে। মুঠোফোনে ব্যাংকিং-সুবিধার এ সেবাটির প্রযুক্তিগত কাঠামো তৈরি করেছে প্রগতি সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান অনুষ্ঠানে জানান, ‘সহজে ব্যাংকিং কার্যক্রম মোবাইল ফোনের মাধ্যমে পেতে এ বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে দেশের ব্যাংকিং খাত প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি আধুনিক করে গড়ে তোলা যাবে।’ ব্যাংকিং খাতে ফার্স্ব পে সিওর ক্যাশ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশের যেকোনো স্থানে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, টাকা তোলা, টাকা পাঠানো, মুঠোফোনে টাকা জমা, রেমিট্যান্সের টাকা তোলা ও কেনাকাটাসহ যাবতীয় মুঠোফোন ব্যাংকিং ও পেমেন্ট সেবা পাবেন। —নিজস্ব প্রতিবেদক