চাহিদা কমছে দামি ফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দামি ফোনের বাজার কমছে
দামি ফোনের বাজার কমছে

আগামী বছর মুঠোফোনের চাহিদা শতকরা ৫ শতাংশ বাড়লেও দামি স্মার্টফোনের চাহিদা কমে যাবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষকেরা জানিয়েছে, বেশি দামের স্মার্টফোনের চাহিদা কমে যাচ্ছে এবং বাজার সংকুচিত হয়ে পড়ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।গবেষকেরা জানিয়েছেন, ২০১২ সালে ১৭৪ কোটি ইউনিট মুঠোফোন বাজারে এসেছিল। এ বছর ১৮১ কোটি ইউনিট মুঠোফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে যা ২০১৪ সালে ১৯১ কোটি ইউনিটে গিয়ে দাঁড়াতে পারে।
গার্টনারের গবেষকেরা জানিয়েছেন, মুঠোফোনের বাজার কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়লেও এবারে বেশি দামের স্মার্টফোনের ক্ষেত্রে গড় মূল্যে বড় ধরনের পতনের সম্ভাবনা রয়েছেন। উন্নত দেশের বাজারগুলোতে মাঝারি দামের বা মিড রেঞ্জের স্মার্টফোনগুলোর চাহিদা দেখা দেবে আর উন্নয়নশীল বাজারগুলোতে সাশ্রয়ী দামের স্মার্টফোনের চাহিদা দেখা যাবে।
এদিকে, বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সাশ্রয়ী দামের স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। ট্যাবলেট, কম্পিউটার, মুঠোফোন সব বিভাগ মিলিয়ে এ বছর প্রযুক্তিপণ্যের বাজার সাড়ে চার শতাংশ বেড়েছে যার মূল কারণ ছিল কম দামের পণ্যের উপস্থিতি।
গবেষকেরা জানিয়েছেন, মুঠোফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড তার জনপ্রিয়তা ধরে রেখেছে। এ বছরে কম্পিউটারের বিক্রি কমতে থাকায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাজার দখল ৪.৩ শতাংশ কমে গেছে তবে ২০১৪ সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা আরও ১০ শতাংশ বেড়ে যেতে পারে। কারণ, আগামী বছর উইন্ডোজনির্ভর বেশ কয়েকটি পণ্য বাজারে আসবে।
গার্টনারের মতোই বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরাও বলছেন, সাশ্রয়ী দামের স্মার্টফোনের বাজার বাড়ছে। বাজারে ২০০ মার্কিন ডলার দামের স্মার্টফোনের উপস্থিতি প্রযুক্তিপণ্যের বাজার বাড়িয়েছে। আইডিসির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর মুঠোফোন বিক্রির হার বাড়বে।