চায়ের দেশে চার দিন

গন্তব্য ঢাকা থেকে শ্রীমঙ্গল। কিন্তু কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগ পর্যন্তও আমরা জানতাম না কাদের সঙ্গে যাচ্ছি? কখন পৌঁছাব? কোথায় উঠব? ইত্যাদি ইত্যাদি। সফরটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউক অব এডিনবরা প্রোগ্রামের অ্যাওয়ার্ডিদের জন্য আয়োজিত। স্টেশনে পৌঁছে বাকিদের সঙ্গে দেখা হতেই মনটা চাঙা হয়ে গেল। মনে হলো, ভালো একটা ট্যুরই হবে। শ্রীমঙ্গলগামী ট্রেনটি স্টেশনে এলে প্রশান্ত দা, আমি, সায়মা, পিন্নি, ওমর, নাজমি, শুভ্রা, আবির, সুমন, শোভন, নাসের, রিফাত, রাহাত, মিথিলা, পিয়া, সংগীতসহ ২৪ জনের একটি দল হুড়মুড় করে ট্রেনে উঠে পড়লাম। হাওয়া খেতে খেতে, নৈশ নৈসর্গ উপভোগ করতে করতে আর বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার দুর্গতি ও এই নিয়ে বিভিন্ন মহলের ষড়যন্ত্রের জাল আবিষ্কার করতে করতে যখন শ্রীমঙ্গল পৌঁছালাম তখন ভোরের আলো ফুটেছে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের হন্টন যাত্রার উদ্দেশ্যে। শ্রীমঙ্গল শহরটা ছোট্ট, তবে বেশ গোছানো। এই শহরের বাড়ি, গির্জা, মন্দির নিয়ে সব স্থাপনার মাঝেই নান্দনিকতা ছাপ। শহরের বেশির ভাগটা জুড়েই রয়েছে চা-বাগান। আমরা দুপুর নাগাদ দুইটা চা-বাগান ঘুরে শেষে গেলাম নীলকণ্ঠ চা কেবিনে সাত রঙের চা পান করতে। এ সময় প্রশান্তদা আর নাসের একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলেকে নিয়ে হাজির। দৃষ্টি প্রতিবন্ধী ছেলেটির নাম রাজু। চারদিকে চা-বাগানের শান্ত পরিবেশ, তার মাঝে আমরা ২৪ জন একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলেকে ঘিরে বসেছি, যার গলায় আছে চায়ের দেশের জাদুময়ী গান। রাজু গান ধরল ‘হারি হারি চায়ে কি বাগানে/মোরে ধ্বনি...কেনে যাব ছাড়িয়ে আসাম।’
এরপর আবার শুরু হলো চান্দের গাড়িতে করে হরিণছড়া আর নিরালাপুঞ্জির উদ্দেশে আমাদের নতুন যাত্রা। প্রথমে আমরা চায়ের রাজ্যের ভেতর দিয়ে অসমতল রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম হরিণছড়ায়। হরিণছড়া জায়গাটা নয়নাভিরাম, টিলার ওপর চা-বাগানে ঘেরা এই এলাকায় কিছু আদিবাসীর বাস। হরিণছড়া পার করে আমরা এবার যাত্রা শুরু করলাম আরও গহিনে। পাহাড় কেটে তৈরি এই রাস্তাগুলো কোথাও অসম্ভব খাড়া, কোথাও আবার অনেক ঢালু। সে এক ভয়মিশ্রিত দারুণ অভিজ্ঞতা। এরপর আমরা পৌঁছলাম নিরালাপুঞ্জি খাসিয়াপল্লিতে। এ যেন পটে আঁকা গ্রাম। পাহাড় কেটে তৈরি এই গ্রামের ঘর-বাড়ি, গাছপালা, গির্জা, স্কুল সবখানেই রঙের ছোঁয়াময় রঙিন পরিবেশ নজর কেড়ে নেয়। এখানকার খাসিয়ারা অনেক পরিচ্ছন্ন আর পরিপাটি। এখানকার বেশির ভাগ মানুষই পান চাষ ও পানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষদের সবচেয়ে কষ্ট হয় পানি সংগ্রহের কাজে। পাহাড়ি আদিবাসী নারীরা বহুদূর থেকে পানি বয়ে নিয়ে আসে। পাহাড়ের ওপর এমন গোছানো সুন্দর সুন্দর গ্রাম ছেড়ে আসতে কারোরই মন চাইছিল না। তবু ফিরে আসতে হলো আমাদের। যখন ঢাকা ফিরি তখন এপ্রিলের প্রথম সকাল।