চি র কু ট
কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন সম্মেলন
অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটির শতবার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ইউনিভার্সিটি অব লন্ডনের সিনেট হাউসে অনুষ্ঠিত এ সম্মেলনে কমনওয়েলথ দেশভুক্ত বিভিন্ন দেশের ৩০০ জন উপাচার্য অংশ নেন। শতবর্ষ উপলক্ষে এবারের সম্মেলনের মূল থিম ছিল ‘ফিউচার ফরওয়ার্ড: ডিজাইন, ডেভেলপ, ডেলিভার।’ এতে সুশীল সমাজ, অর্থনৈতিক উন্নয়ন, উন্নত সরকারব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো কী ধরনের সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়। সম্মেলন শেষে সম্মেলনে অংশ নেওয়া উপাচার্যরা বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের দেওয়া বিশেষ সম্মাননায় অংশ নেন।
আন্তর্জাতিক মুন সম্মেলনের নিবন্ধন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়—ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেস কমিউনিকেটর (আইএবিসি) আয়োজন করেছে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ ২০১৪। আগামী ৩ থেকে ৭ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আবাসিক ক্যাম্পাসে। অংশ নিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। নিবন্ধনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। বিস্তারিত: www.bracumun.org
যোগাযোগ: ০১৬৭২৮৩১৫৮৮
০১৭৭৫৭৭৪৪৭৭
ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে চার মাসব্যাপী ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র আয়োজন করেছে। তত্ত্বীয় বিষয় ছাড়াও হাতে-কলমে ডিজিটাল প্রযুক্তিতে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালার মেয়াদ চার মাস। নিবন্ধনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
যোগাযোগ: কক্ষ নম্বর ৭০১, জাতীয় নাট্যশালা ভবন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
(বিকেল ৪টা-৮টা), ফোন: ০১৬৭৫ ৩৩৮৬২২, ০১৮১৫ ১১০২৮২
ডিইউ টাইমজ
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা খবর নিয়ে চালু করা হয়েছে ডিইউ টাইমজ (www.dutimz.com) নামের একটি ওয়েব পোর্টাল। যেখানে ক্যাম্পাসের নানা ঘটনা, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ক্লাব বা সংগঠনের নতুন উদ্যোগ, শিক্ষার্থীদের সাফল্যগাথা, বিভিন্ন বিভাগের অনুষ্ঠানের আপডেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয় দৈনিকে আসা গুরুত্বপূর্ণ খবর—সবই থাকছে। ২৬ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এই ওয়েবসাইট নানা তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে। কাজ করছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাঁদের উপদেষ্টা হিসেবে রয়েছেন একজন প্রক্টর। ওয়েবসাইট যাঁদের উদ্যোগে প্রথম শুরু, সেই দলের অন্যতম সদস্য আবুল হাসনাত বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সব খবর একত্র করতে। আর ওয়েব পোর্টালটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই করেছি। এটা কারও ব্যক্তিগত বিষয় নয়। আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাব, তখন আমাদের জুনিয়ররা চালাবে এটি।’