চিকিৎসা-তথ্য লিপিবদ্ধ করা যাবে যে অ্যাপে
অ্যানেসমন নামের একটি চিকিৎসা-সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করার স্মার্টফোন অ্যাপলিকেশন (অ্যাপ) তৈরি করেছে কানাডাভিত্তিক চিকিৎসা-প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বিডিএমইআর সলিউশনস। বাংলাদেশে অ্যাপটি প্রকাশ করবে স্থানীয় চিকিৎসা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান এসআরএ এন্টারপ্রাইজ।
বিডিএমইআরের প্রতিষ্ঠাতা প্রবাসী-বাঙালি চিকিৎসক অসিত বর্দ্ধন গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উন্নয়নশীল দেশের ডাক্তাররা চিকিৎসা-সংক্রান্ত তথ্য এতে লিপিবদ্ধ করতে পারবেন। এ জন্য বিশাল কম্পিউটারের প্রয়োজন নেই, একটা স্মার্টফোনই যথেষ্ট। লিপিবদ্ধ করা তথ্য থেকে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করতে পারবেন তাঁরা।’
স্মার্টফোনে ব্যবহারযোগ্য হওয়ায় প্রত্যন্ত অঞ্চলেও ব্যবহার করা যাবে অ্যানেসমন। এতে চিকিৎসা-তথ্য, বিশেষ করে রোগীকে অস্ত্রোপচারের জন্য অজ্ঞান করার সময় যে ওষুধগুলো দেওয়া হয়, রক্তচাপ, হৃৎস্পন্দনের গতিসহ অন্যান্য পর্যবেক্ষণ লিপিবদ্ধ করে রাখা যায়। শল্যবিদ অস্ত্রোপচারের সময় কী কী করলেন, সেটাও লিখে রাখা যাবে এতে। এই তথ্য রোগী পাবেন নিজের ফোনে। ইচ্ছে করলে চিকিৎসকের সঙ্গে ঘরে বসেই যোগাযোগ করতে পারবেন।
২৮ আগস্ট থেকে হংকংয়ে শুরু হওয়া বিশ্ব অ্যানেসথেসিয়া কংগ্রেসে উপস্থাপন করা হবে অ্যানেসমন। এই সম্মেলনে পৃথিবীর সব দেশ থেকে শীর্ষস্থানীয় সব অ্যানেসথেটিস্ট বা অবচেতনবিদ যোগ দেন। এরপরই বাংলাদেশে এটি অবমুক্ত করা হবে। আমাদের দেশে অপারেশন-সংক্রান্ত তথ্য ও অন্যান্য তথ্য যেমন ব্যবস্থাপত্র, প্যাথলজি ও অন্যান্য রিপোর্ট, রোগীর নিয়মিত রক্তচাপ, ব্লাড সুগার পরীক্ষার তথ্য নিজের মুঠোফোনে সংরক্ষণের ক্ষেত্রে এই সফটওয়্যারটি কাজে দেবে। বিভিন্ন চিকিৎসাশাস্ত্র শিক্ষার্থীদের জন্য এটি অনেকটা ডিজিটাল লগবুকের সমাধান। বিস্তারিত জানা যাবে bdemr.com ঠিকানার ওয়েবসাইটে।
মেহেদী হাসান