চিকিৎসায় দূর নিয়ন্ত্রিত রোবট
ব্রিটিশ হাসপাতালের চিকিত্সকেরা এই প্রথমবারের মতো হূদযন্ত্রের অস্ত্রোপচারে দূর নিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোলড) রোবট ব্যবহার করেছেন। গত বুধবার লন্ডনের একটি হাসপাতালে চিকিত্সকেরা অপারেশন থিয়েটারের বাইরে থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে রোবট দিয়ে অস্ত্রোপচার করিয়েছেন। চিকিত্সকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। এর অর্থ হচ্ছে, চিকিত্সকেরা এখন থেকে অপারেশন থিয়েটারে সশরীরে উপস্থিত না থেকেও অন্য যেকোনো শহরে বা অন্য কোনো দেশে যেকোনো রোগীর হূদযন্ত্রের অস্ত্রোপচার করাতে পারবেন। গত বুধবারের অস্ত্রোপচারে নেতৃত্ব দেন ডা. অ্যান্ড্রু নগ। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ৭০ বছরের এক বৃদ্ধের ওপর এ অস্ত্রোপচার চালানো হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিশ্বের ধনী দেশগুলোতে রোবটের সাহায্যে অস্ত্রোপচার এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে রিমোট কন্ট্রোলড রোবট দিয়ে এই প্রথম কোনো অস্ত্রোপচার করা হলো। অ্যান্ড্রু বলেন, রিমোট কন্ট্রোলড রোবট দিয়ে অস্ত্রোপচার করার ফলে রোগীর মৃত্যুঝুঁকিও কমে যাবে। কারণ দীর্ঘসময় ধরে চলা জটিল অস্ত্রোপচারে চিকিত্সকেরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন। এতে তাঁরা অস্ত্রোপচারে মনোযোগ দিতে পারেন না। ফলে যেকোনো ভুল হয়ে রোগীর জীবনহানি ঘটতে পারে। রিমোট কন্ট্রোলড রোবট দিয়ে অস্ত্রোপচার এ ধরনের ঝুঁকি অনেকখানি কমিয়ে আনবে। তিনি বলেন, আমি আশা করছি, ভবিষ্যতে অস্ত্রোপচারে রোবটের ব্যবহার বাড়বে। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান