চিৎ হয়ে ঘুমাবেন না উপুড় হয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন অবস্থানে ঘুমানো ভালো তা নিয়ে বিতর্ক আছে। আমরা সাধারণত এপাশ-ওপাশ করে ঘুমাই। আবার চিৎ হয়ে বা উপুড় হয়েও ঘুমাই। তবে যাঁরা ‘স্লিপ অ্যাপনিয়া’তে ভোগেন, অর্থাৎ ঘুমের সময় মাঝেমধ্যে নিঃশ্বাস নেওয়ার পথ প্রায় বন্ধ হয়ে যায়, তাঁদের চিৎ হয়ে ঘুমালে বেশি সমস্যা দেখা দেয়। যাঁরা নাক ডাকেন, তাঁদেরও চিৎ হয়ে ঘুমানো এক সমস্যা। তবে পূর্ণ বয়স্ক ব্যক্তি যে অবস্থানে শুয়ে আরাম পান, সেভাবেই ঘুমান। তারপরও অসুবিধা হলে ঘুমের মধ্যেই নড়েচড়ে শুতে দেখা যায়। অনেক সময় আমরা ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠে দেখি হাত-পায়ের কোথাও ঝিঁঝি ধরেছে। হয়তো আঙুলগুলো অবশ হয়ে গেছে। এটা সাময়িক। কয়েক মিনিটের মধ্যে আবার সেটা ঠিক হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে দেখা গেছে চিৎ হয়ে ঘুমানোই নিরাপদ। উপুড় হয়ে ঘুমালে এমনকি দম বন্ধ হয়ে অনেক শিশুর মৃত্যুও হতে পারে। অন্যান্য কারণের পাশাপাশি এটাও সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের (এসআইডিএস) একটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তাই শিশুদের সব সময় চিৎ হয়ে ঘুমানোর ব্যবস্থা করা উচিত।