চীনা ভাষায় গুগলের সেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে চীনা ভাষায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে তথ্য খোঁজার (সার্চ) সুযোগ বন্ধ করে দিয়েছে গুগল কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল চীনে পরিচালিত গুগল ডট সিএনে চীনা ভাষায় এসব তথ্য খোঁজার সুযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে বিভিন্ন সময়ের স্বাধীনতা কিংবা দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়গুলো খুঁজলে দেখাচ্ছে, এ খবরটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিষয়গুলো খুঁজলেও পাওয়া যাচ্ছে না কোনো তথ্য। চীনে গুগলের জনপ্রিয় ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবের সব সেবাও বন্ধ রয়েছে। তবে একই বিষয়গুলো নিয়ে হংকংয়ে গুগল ডট কম ডট এইচকে-তে তথ্যগুলো পাওয়া যাচ্ছে। গুগলের প্রধান আইন কর্মকর্তা ডেভিড ড্রেমোন্ড সম্প্রতি প্রতিষ্ঠানের অফিশিয়াল ব্লগের এক লেখায় জানান, গুগলের তথ্য খোঁজার সুবিধা, সংবাদ এবং গুগল ছবিসহ সুবিধাগুলো গুগল ডট সিএনে বন্ধ করে দেওয়া হয়েছে। এত দিন হংকংয়ের গুগল ডট কম ডট এইচকের মাধ্যমে চীনের বিভিন্ন তথ্য খোঁজার সুবিধা থাকলেও তা এখন আর থাকছে না।গুগল জানায়, চীনের প্রায় ৩৮ কোটি ৪০ লাখ ইন্টারনেট ব্যবহারকারীকে সেবা দেওয়ার ইচ্ছে থাকলেও তা হচ্ছে না। তবে চীনা কর্তৃপক্ষের মতে, গুগলের এ ধরনের উদ্যোগ ঠিক নয় এটা বরং বেইজিংয়ের বিরুদ্ধে একটা অভিযোগ মাত্র। এ ছাড়া বেশ কিছু দিন আগে চীনে গুগলের সাইবার আক্রমণের বিষয়টিকেও তেমন গুরুতর কিছু নয় বলেও মন্তব্য করেছে চীনা কর্তৃপক্ষ। গুগলের এ সেবা বন্ধ হলেও বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্কে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিন গ্যাঙ্গ। তিনি বলেন, গুগলের এ ধরনের সিদ্ধান্ত একান্তই নিজেদের বিষয় নিয়ে। তবে সবকিছু পরে গুগলের এ ধরনের সিদ্ধান্তের কারণ হিসেবে শুধু ব্যবসায়িক উদ্দেশ্যের কথাই বলা হয়েছে। কর্মকর্তারা এ ব্যাপারে অন্যকিছু বলতে নারাজ। চীনে সেবা বন্ধ করার ঘোষণা দেওয়ার দুই মাসের মধ্যে এমন সিদ্ধান্ত নিল গুগল।—এএফপি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী