চীনা ভাষায় ডোমেইন ঠিকানা চালু
চীনের নিজস্ব ভাষায় ডোমেইন নাম চালু হয়েছে। এর ফলে চীনের ব্যবহারকারীরা নিজ ভাষায় ওয়েবসাইট খুলতে পারবেন। ওয়েব ঠিকানা ও বিশ্বের ইন্টারনেটবিষয়ক শীর্ষ সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বর (আইসিএএনএন) সম্প্রতি চীনের নিজস্ব ভাষায় ডোমেইন নাম লেখার অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক ডোমেইন নেমস (আইডিএনএস) চীনের ভাষায় ওয়েবসাইট খোলার ব্যাপারটি চালু করেছে। সম্প্রতি শেষ হওয়া ৩৮তম আন্তর্জাতিক আইসিএএনএন সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ভাষায় চালু হওয়া ডোমেইন নামের স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি অনুমোদিত হয়েছিল আগে। এ তালিকায় প্রথম অনুমোদন পায় আরবি স্ক্রিপ্ট যা সৌদি আরব, আরব আমিরাতে ব্যবহূত হচ্ছে। আইসিএএনএন জানিয়েছে চীন, হংকং ও তাইওয়ান শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্য চীনের স্ক্রিপ্টে ডোমেইন নাম চালু হচ্ছে। আইসিএএনএনের প্রধান রোড বেকস্ট্রোম জানান, বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশ চীনা ভাষায় কথা বলে এবং চীনা ভাষায় ডোমেইন নাম চালু হওয়ার ফলে ইন্টারনেটে নিজস্ব ভাষায় ১০০ কোটি লোক ডোমেইন নাম ব্যবহার করতে পারবে। লাতিন অক্ষরের বাইরে নিজস্ব ভাষায় ডোমেইন নাম চালু হওয়ায় বিশাল অংশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইংরেজির বাইরে নিজেদের ভাষায় ডোমেইন নাম লেখার সুযোগ পাবে। শিগগিরই আরও ২০টি ভাষার সুবিধাসহ থাই ও তামিল ভাষায় ডোমেইন নাম লেখার সুবিধা চালু হবে বলে জানা গেছে। এ ছাড়াও পর্নো সাইটগুলোর জন্য ডটএক্সএক্সএক্স নামে নির্দিষ্ট ডোমেইন নাম ঠিক করা হয়েছে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী