চীনে অনলাইনে কঠোর নিয়ন্ত্রণ আরোপের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির একজন নেতা সে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের বিষয়বস্তু কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য অনুরোধ জানিয়েছেন। আরব বিশ্বের মতো চীনেও যাতে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য বেইজিং ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন-পীড়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোকে এই অনুরোধ জানানো হলো। কমিউনিস্ট পার্টির ওই নেতার নাম লিউ কি। তিনি দলের বেইজিং শাখার সাধারণ সম্পাদক। কমিউনিস্ট পার্টির পত্রিকা বেইজিং ডেইলি জানায়, লিউ কি গত সোমবার ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান সিনা করপোরেশনের কার্যালয় পরিদর্শন করেন। এর পরই তিনি এই অনুরোধ করেন। লিউ কি বলেন, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রতিহত করা। এমনিতে কমিউনিস্ট পার্টি শিক্ষা ও ব্যবসার কাজে ইন্টারনেট ব্যবহারকে উৎসাহিত করে থাকে। তবে তারা ইন্টারনেটের মাধ্যমে ভিন্ন মতবাদের প্রচারকে ভয় পায়। বিশেষ করে, আরব বিশ্বে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মাধ্যমে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার পর চীন তাদের ইন্টারনেট ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করার ওপর চিন্তাভাবনা শুরু করে। চীনের জন্য ক্ষতিকর মনে হয় এমন বিদেশি ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বেইজিং। চীনা সরকারের এমন কঠোর নিয়মনীতির কারণে গত বছর সার্চ ইঞ্জিন গুগল চীনে তার কার্যক্রম বন্ধ করে দেয়। পরে অবশ্য আবার কার্যক্রম চালু করে গুগল। —এপি অবলম্বনে রোকেয়া রহমান