চীনে অ্যাপ স্টোর থেকে ভিপিএন সরিয়ে নিতে রাজি অ্যাপল
শীর্ষস্থানীয় প্রযুক্তির দেশ হয়েও ইন্টারনেট ব্যবহারে বরাবরই কঠোর চীন সরকার। গুগল বা ফেসবুকের মতো বড় ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারেনি দেশটিতে। সম্প্রতি শীর্ষ মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে তাদের চীনা অ্যাপ স্টোর থেকে ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সম্পর্কিত সব অ্যাপ সরিয়ে নিতে নির্দেশ দেয় দেশটির সরকার। চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে বলা হয়, দেশটির বিদ্যমান আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন অ্যাপ অ্যাপলের চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিতে হবে। নির্দেশ মেনে নিয়ে ইতিমধ্যেই জনপ্রিয় ভিপিএন অ্যাপগুলো নামিয়ে নিতে শুরু করেছে অ্যাপল।
চীন সরকার আইন ও প্রযুক্তির সমন্বয়ে ঘরোয়াভাবে ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করে। যাকে বলে ‘গ্রেট ফায়ারওয়াল’। এর মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন সেবায় নিয়ন্ত্রণ রাখে সরকার। ফলে চীনা সরকার দেশি-বিদেশি ওয়েবসাইটে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার সুযোগ পায়। এ আইন মেনে নিয়েই বিদেশি প্রতিষ্ঠানগুলো চীনে তাদের ব্যবসা করে থাকে। কিন্তু চীনের অনেক ইন্টারনেট ব্যবহারকারী গ্রেট ফায়ারওয়ালকে ফাঁকি দিতে ভিপিএনের সহায়তা নিয়ে থাকে। তাই গত জানুয়ারি মাসে চীনে সব ভিপিএন-সেবা বন্ধের জন্য নতুন আইন করলেও তা রাষ্ট্রীয় নিয়ন্ত্রকদের অনুমোদন পায়নি। বরং রাষ্ট্রীয় নেটওয়ার্ক অবকাঠামোর মধ্যে ভিপিএন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।
চীন সরকারের নির্দেশে অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে ভিপিএন সরিয়ে নিতে শুরু করলে সমালোচনা হতে থাকে ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের মধ্যে। গত বছর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই একজন মৃত সন্ত্রাসীর আইফোন আনলক করে দেওয়ার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করে দেয় অ্যাপল। সেই ঘটনা উল্লেখ করে অনেকেই বলছেন, নিজের দেশের স্বার্থের কথা তোয়াক্কা না করে যে অ্যাপল এফবিআইয়ের সঙ্গে মামলা লড়েছিল, তারা কীভাবে চীন সরকারের কাছে মাথা নত করল? ভিপিএন সেবাদাতা এক্সপ্রেস ভিপিএনের পক্ষ থেকে বলা হয়, আমরা অ্যাপলের এমন সিদ্ধান্তে হতাশ। চীনা সরকার ভিপিএন ব্যবহার বন্ধ করতে চাইছে এবং অ্যাপল চীনা সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানোর কার্যক্রমকে সহায়তা করছে। তবে এ বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, ‘আমরা স্পষ্টতই অ্যাপ মুছে ফেলতে চাইব না। কিন্তু আমরা যে দেশে ব্যবসা করি, সে দেশের আইন মেনেই তা করি।’
টিম কুক বলেন, চীনের ভিপিএন বন্ধের এমন সিদ্ধান্ত অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই মেনে নিয়েছে অ্যাপল। অ্যাপল অসম্মত হলেও সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখাতে বিশ্বাস করে। তবে প্রযুক্তির বিকাশে সহযোগিতা ও যোগাযোগের স্বাধীনতার গুরুত্বই বেশি। এদিকে ভিপিএন বন্ধের জন্য রুশ সরকারও বিল পাস করেছে। ফলে চলতি বছরের নভেম্বর থেকে রাশিয়ায়ও ভিপিএনের ব্যবহার অবৈধ হচ্ছে।
শাওন খান, সূত্র: বিবিসি