চীনে আইফোন ৫-এর বায়না শুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের তৈরি পরবর্তী প্রজন্মের আইফোনের জন্য অগ্রিম অর্থ জমা নিতে শুরু করেছে চীনের বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম টাওবো।আইফোন ৫ বিষয়ে অ্যাপল এখনো মুখ না খুললেও আইফোন ৫-এর ছবি, স্মার্টফোনটির বিভিন্ন ফিচার বর্ণনা করে টাওবো আগেভাগেই প্রি-অর্ডার বা বায়না নেওয়া শুরু করেছে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরের আগস্ট অথবা অক্টোবর মাস নাগাদ আইফোনের পরবর্তী সংস্করণ ‘আইফোন ৫’ বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারে অ্যাপল। আইফোনে কী ধরনের সুবিধা থাকবে বা দেখতে কেমন হবে সে বিষয়ে অ্যাপল এখনো মুখ খোলেনি। তবে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপলের এই স্মার্টফোনটি নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, আইফোন ৫ স্মার্টফোনটির ডিসপ্লেটি বর্তমানে বাজারে থাকা আইফোন ৪এসের চেয়েও বড় হতে পারে । এতে ভারচুয়াল সঙ্গী সিরি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিসহ শক্তিশালী প্রসেসর থাকবে। চীনের আলীবাবা গ্রুপের একটি প্রতিষ্ঠান টাওবো। প্রতিষ্ঠানটি প্রি-অর্ডার হিসেবে ১৬০ ডলার আবার কারো ক্ষেত্রে এক হাজার ১০০ ডলার পর্যন্ত জমা রাখছে। টাওবো তাঁদের প্রি-অর্ডারে আইফোন ৫-এর দাম ধরছে এক হাজার ১০০ ডলার। প্রি-অর্ডার নিতে শুরু করলেও কবে নাগাদ তা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার সময় এখনো ঠিক করেনি টাওবো।অবশ্য এভাবে আগেভাগেই আইফোন ৫ বিক্রির প্রি-অর্ডার নেওয়া প্রসঙ্গে টাওবোর বিরুদ্ধে অ্যাপল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বা এ বিষয়ে কোনো মন্তব্যও করেনি।টাওবোর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা যুক্তরাষ্ট্র, হংকং ও চীনে আইফোন পাঁচ বিক্রির পরিকল্পনা করেছে। আর সে লক্ষ্যেই প্রি-অর্ডার নেওয়ার শুরু করেছে তারা। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চীনে অ্যাপল পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে দেশটিতে মাত্র পাঁচটি অ্যাপল পণ্য বিক্রির দোকান রয়েছে।