
ইন্টারনেটে সেন্সরশিপ দেওয়ার বিষয়টি অনলাইন স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আর তাই নিজ দেশের ইন্টারনেট সেন্সরশিপের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছেন চীনের ইন্টারনেট প্রধান।
সম্প্রতি ইন্টারনেটে থাকা বিভিন্ন বিষয়বস্তুর (কন্টেন্ট) ওপর দেশটির সেন্সরশিপের বিষয়ে নিজের ক্ষোভের কথা জানান তিনি। চীনে অনুষ্ঠেয় বিশ্ব ইন্টারনেট সম্মেলনের এক সপ্তাহ আগে তাঁর এমন মন্তব্য নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। দেশটিতে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, খুদে ব্লগ লেখার সাইট টুইটার এবং সার্চ ইঞ্জিন গুগলের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। পাশাপাশি পশ্চিমা বিশ্বের শীর্ষ একাধিক গণমাধ্যমও সরকারিভাবে বন্ধ রয়েছে চীনে।
কন্টেন্ট সুবিধা এবং ওয়েবসাইট বন্ধের বিষয়ে বেইজিং থেকে বলা হয়েছে, দেশটির ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক বিষয়গুলো সঠিকভাবে পরিচালনার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দেশজুড়ে বিষয়টি নিয়ে চলছে নানা ধরনের সমালোচনা।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউস প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যেসব দেশে ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য কঠিন সব আইন রয়েছে সেসব দেশের তালিকায় সবচেয়ে এগিয়ে চীন। ৬৫টি দেশের মধ্যে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, তালিকায় থাকা ইরান ও সিরিয়ার ক্ষেত্রে ইন্টারনেট-সংক্রান্ত আইনে এত কড়াকড়ি নেই। এমন যখন অবস্থা তখন পেশা-বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড–ইন ইতিমধ্যে চীনের নীতিমালা অনুযায়ী বিষয়বস্তু নিয়ন্ত্রণে একমত হয়েছে। তবে ফেসবুকসহ অন্য প্রতিষ্ঠানগুলো নানাভাবে চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে।
এএফপি