চীনে ইন্টারনেটে টিভি দেখার হার বাড়ছে
চীনে ইন্টারনেটে টিভি দেখার হার বাড়ছে। প্রতি মাসে দেশটিতে প্রায় ৩০ কোটি লোক ইন্টারনেটে টিভি অনুষ্ঠান, জাপানি ও কোরীয় অনুষ্ঠানসহ ছবি ও নিয়মিত টেলিভিশন সিরিজগুলো উপভোগ করে। সম্প্রতি শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের খেলা ইন্টারনেটে দেখেছে উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক। ইন্টারনেটে টিভি ও ভিডিও দেখার এই হার ধীরে ধীরে আরও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট লোকজন। বিজ্ঞাপনী সংস্থা পাবলিসিস গ্রুপের ডিজিটাল মিডিয়া বিভাগের কর্মকর্তা লি ইয়াইফেই বলেন, বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনেকে এখন অনলাইনের দিকে ঝুঁকছে। কারণ, সাধারণ মানুষ এখন অনলাইনে প্রচুর ভিডিও দেখছে। ইন্টারনেট টিভি আর ভিডিওর জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি এসব খাতে বাড়ছে বিজ্ঞাপনের হারও। সাংহাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আই রিসার্সের মতে, হিসাব অনুযায়ী চলতি বছর এ খাতে বিজ্ঞাপন বাবদ আয় হবে প্রায় ৪০ কোটি টাকা, যা ২০০৮ সালে ছিল মাত্র আট কোটি তিন লাখ! চীনের জনপ্রিয় ভিডিও সাইট ইয়োকু, টুডো, কেইউ৬ ও পিপিটিভি বর্তমানে ইন্টারনেট গতি বাড়িয়ে নিজেদের সাইটগুলোকে আরও সমৃদ্ধ করছে। জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ওয়েবসাইটে চীনা ভাষায় প্রচার করা হচ্ছে, যা দেখছে উল্লেখযোগ্যসংখ্যক দর্শক। দর্শকপ্রিয়তা বাড়াতে বিশ্বের জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান কেনার ব্যাপারেও উদ্যোগী হচ্ছে সাইটগুলো। ইয়োকু ওয়েবসাইটের প্রধান নির্বাহী ভিক্টর কু বলেন, ‘বিভিন্ন এজেন্ট থেকে আমরা বিশ্বের জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান কেনার ব্যাপারে কাজ করছি।’ তবে ইন্টারনেটে টিভি ও ভিডিও দেখার ক্ষেত্রে বিভিন্ন সময়ে কপিরাইট সমস্যা থেকেই যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —নিউইয়র্ক টাইমস অবলম্বনে নুরুন্নবী চৌধুরী