চীনে ইন্টেলের প্রথম চিপ কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল করপোরেশন চীনে প্রথমবারের মতো চিপ তৈরির কারখানা স্থাপন করেছে। গতকাল মঙ্গলবার এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইনটেল কর্তৃপক্ষ বলেছে, এই কারখানা চীনের অর্থনীতি চাঙা করতে সহায়তা করবে। ইনটেল তিন বছর আগে চীনে ২৫০ কোটি ডলারের এই প্রকল্পের ঘোষণা দেয়। এত দিন পর ঘোষণা বাস্তবায়ন করা হলো। দেরি হওয়ায় এমন গুজবও ছড়িয়ে পড়েছিল যে, ইনটেল শেষ পর্যন্ত চীনে কোনো কারখানা গড়ে তুলবে না। কিন্তু ইনটেল বারবারই এসব গুজব উড়িয়ে দিয়েছে। ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পল ওটেলিনি এক বিবৃতিতে বলেন, ‘চিপ তৈরির এই কারখানা চীনের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে বলেই আমাদের ধারণা। আমরা সে লক্ষ্যেই এই কারখানা এখানে গড়ে তুলেছি।’ চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দাইলানে কারখানাটি গড়ে তোলা হয়েছে। দাইলান শহরে ইতিমধ্যে ২৪টিরও বেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠান এখন ইনটেলের সঙ্গেও বাণিজ্য করতে পারবে। ইনটেল চীনের চেংদু শহরেও আরেকটি স্থাপনা গড়ে তুলেছে। রাজধানী বেইজিং, সাংহাই ও আরও কয়েকটি শহরেও ইনটেলের গবেষণাগারসহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। চীন কয়েক বছর ধরে এশিয়ার দেশগুলোতে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অনুন্নত প্রযুক্তিসহ নানা অসুবিধার কারণে তা ব্যর্থ হচ্ছে।—রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান