চীনে ক্রেতাদের কাছে ক্ষমা চাইল স্যামসাং

স্মার্টফোনের চিপে ত্রুটি থাকার অভিযোগ ওঠায় চীনের ক্রেতাদের কাছে ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং । বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চীনের একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রতি স্যামসাংয়ের সমালোচনা করে বলা হয়, এ স্মার্টফোননির্মাতার তৈরি বেশ কয়েকটি মডেলের হ্যান্ডসেটের মেমোরি চিপে সমস্যা রয়েছে। এ সমস্যার কারণে প্রায়ই স্যামসাং ফোন ক্রাশ করে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যামসাং কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যেসব মডেলের স্মার্টফোনে সমস্যা দেখা যাবে সেগুলো বিনামূল্যে ঠিক করে দেবে তারা।
প্রসঙ্গত, স্যামসাংয়ের তৈরি সাতটি মডেলের স্মার্টফোনে মেমোরি চিপে সমস্যার কথা টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে। এর মধ্যে স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি এস৩ ও নোট ২ এর মতো স্মার্টফোনও রয়েছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) কর্তৃক প্রচারিত ওই প্রতিবেদনকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে স্যামসাং। বর্তমানে স্যামসাং সারা বিশ্বে তাদের স্মার্টফোন ব্যবসা থেকে যে লাভ করে তার ১৪ শতাংশ আসে চীন থেকে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককেও চীনের গ্রাহকদের কাছে অ্যাপলের ওয়ারেন্টি নীতিমালার জন্য ক্ষমা চাইতে হয়েছিল।